গুগলের সিইও পদ থেকে সুন্দর পিচাইকে সরানোর দাবি জোরালো হচ্ছে কেন

সুন্দর পিচাইরয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যাটবটসহ বিভিন্ন সুবিধা চালুর জন্য দীর্ঘদিন ধরে কাজ করলেও অন্য প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর তুলনায় বেশ পিছিয়ে রয়েছে গুগল। বার্ড ও জেমিনি নামের দুটি এআই চ্যাটবট উন্মুক্ত করলেও সেগুলো মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআইয়ে তৈরি চ্যাটজিপিটির মতো আলোড়ন তুলতে পারেনি। এমনকি জেমিনি চ্যাটবট ভুল ছবি তৈরি করায় বেশ বিপাকে পড়েছে গুগল। কারিগরি ত্রুটির কারণে বাধ্য হয়ে জেমিনি চ্যাটবটে ছবি তৈরির সুবিধা বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। এর পর থেকেই গুগল এবং এর মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইয়ের নেতৃত্ব ও দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি খাতে ব্যর্থতার কারণে সার্চ জায়ান্ট গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদ থেকে সুন্দর পিচাইকে সরানোর দাবিও জোরালো হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিজনেস ইনসাইডার।

গত বছর ‘বার্ড’ নামের এআই চ্যাটবট উন্মুক্ত করে গুগল। কিন্তু চ্যাটবটটি ব্যবহারকারী পর্যায়ে জনপ্রিয়তা না পাওয়ায় গত ডিসেম্বরে অপর অপর এআই চ্যাটবট ‘জেমিনি’ উন্মুক্ত করে প্রতিষ্ঠানটি। শুধু তা-ই নয়, জেমিনির সঙ্গে একীভূত করা হয় বার্ড চ্যাটবটকে। কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই ভুলে ভরা উত্তরের জন্য হাসির পাত্রে পরিণত হয় জেমিনি। গুগলের মতো একটি প্রতিষ্ঠান তাদের সেবা যথাযথভাবে যাচাই ছাড়াই সবার জন্য উন্মুক্ত করে উদাসীনতার পরিচয় দিচ্ছে বলেও অভিযোগ করেন অনেকে। এমনকি এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্কও জেমিনির বিরুদ্ধে অভিযোগ করেছেন। জেমিনিতে ত্রুটি থাকার বিষয়টি স্বীকার করে সুন্দর পিচাই জানান,‘এটি মোটেই গ্রহণযোগ্য নয়।’

বার্ড চ্যাটবটের পর জেমিনি চ্যাটবটের মাধ্যমে ভুল উত্তর দেওয়ার অভিযোগ ওঠার পর গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের শেয়ারের দাম দ্রুত কমেছে। প্রযুক্তি-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, গুগলের মতো প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠানের জন্য এ ধরনের ভুল গ্রহণযোগ্য নয়। বরং অবকাঠামো ও জনবল বিবেচনায় অনেক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিপ্রতিষ্ঠানের তুলনায় এগিয়ে রয়েছে গুগল। ব্যর্থতার দায়ভার সুন্দর পিচাইকেই নিতে হবে।

বাজার গবেষণাপ্রতিষ্ঠান গার্টনারের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির কারণে ২০২৬ সাল নাগাদ সার্চ ইঞ্জিন ব্যবহারের পরিমাণ বর্তমানের তুলনায় প্রায় ২৫ শতাংশ কমে যাবে। এর ফলে আধিপত্য ধরে রাখতে সার্চ ইঞ্জিন সেবার বাইরে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দৌড়ে এগিয়ে থাকতে হবে গুগলকে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস