এটুআই বিল ২০২৩ সংশোধনের দাবি তথ্যপ্রযুক্তি সংগঠনগুলোর
সম্প্রতি জাতীয় সংসদে পাস হওয়া এজেন্সি টু ইনোভেট (এটুআই) বিল, ২০২৩ সংশোধনের দাবি জানিয়েছে দেশের তথ্যপ্রযুক্তি খাতের পাঁচটি বাণিজ্য সংগঠন। আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে বেসিস মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছে সংগঠনগুলো। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন (আইএসপিএবি) এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলন বক্তারা জানান, সরকারের কাজ ব্যবসা করা না। সরকার ব্যবসার পরিবেশ সৃষ্টি করবে। কিন্তু এ আইন পাস হওয়ার পর সরকার আমাদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। আমরা যে ধরনের ব্যবসা করছি, সরকারও তেমন ব্যবসা করতে যাচ্ছে। এর ফলে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি প্রতিযোগিতা শুরু হবে। আমরা যে কাজ করছি, সেই একই কাজ যদি সরকারি প্রতিষ্ঠান এটুআইও করে, তাহলে সরকার তো ব্যবসাপ্রতিষ্ঠানের মতোই কাজ করবে।
বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, এজেন্সি টু ইনোভেট (এটুআই) ২০২৩ বিল বিষয়ে আইসিটি প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট সবার সঙ্গে আমরা বেশ কয়েকবার বৈঠক করে তথ্যপ্রযুক্তি খাতের সঙ্গে সাংঘর্ষিক বিষয়গুলো সম্পর্কে জানিয়েছি। কিন্তু এটুআই বিল ২০২৩ পর্যালোচনা করে দেখা গেছে, এতে ‘এজেন্সি প্রয়োজন অনুযায়ী কোম্পানি গঠনের ক্ষমতা’ বহাল রাখা হয়েছে, যা বিলুপ্ত করার সিদ্ধান্ত হয়েছিল। এর ফলে এটুআই যেকোনো ধরনের কোম্পানি গঠন করে বিভিন্ন সেবা দিতে পারবে। সরকারি প্রতিষ্ঠান ব্যবসা করলে আমাদের ভয় নেই। আমাদের ভয় অসম প্রতিযোগিতার। সরকারকে ভ্যাট-ট্যাক্স দিয়ে আমরা ব্যবসা করি। আর আমাদের ভ্যাট-ট্যাক্সের টাকা দিয়ে আমাদের মতো যদি সরকার ব্যবসা করতে এলে তো হবে না। সংসদে আইন পাস হয়ে গেছে। এখন আমাদের দাবি প্রধানমন্ত্রীর কাছে। আমাদের প্রধানমন্ত্রী প্রযুক্তিবান্ধব। আমরা বিশ্বাস করি, আমাদের দাবি তিনি মেনে নেবেন।
বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ বলেন, স্মার্ট বাংলাদেশের স্বার্থে ধারাগুলো বাতিল করে আইনটি সংশোধন প্রয়োজন। এই বিল সংশোধন করা এ শিল্পের উন্নয়নকে গতিশীল করবে। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন আইএসপিএবির সভাপতি মো. ইমদাদুল হক এবং ই-ক্যাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল ওয়াহেদ।