সিডির দিন কি ফিরছে, এক বছরে বিক্রি বেড়েছে ৪৬ শতাংশ

যুক্তরাষ্ট্রে সিডি বিক্রির পরিমান বেড়েছেফাইল ছবি: রয়টার্স

একসময় গান শোনার প্রধান মাধ্যম ছিল সিডি (কম্প্যাক্ট ডিস্ক)। প্রযুক্তির সহজলভ্যতা ও অনলাইন স্ট্রিমিং সেবা জনপ্রিয় হয়ে ওঠায় ধীরে ধীরে সেই জায়গা দখল করে নেয় স্মার্টফোন ও ইন্টারনেট। ফলে সিডির ব্যবহার দ্রুত কমতে থাকে। তবে সম্প্রতি স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার ও ডিজিটাল ক্লান্তি থেকে মুক্তি পেতে ফিচার ফোনসহ বিভিন্ন পুরোনো প্রযুক্তির প্রতি নতুন করে আগ্রহ তৈরি হয়েছে জেন-জি প্রজন্মের তরুণ-তরুণীদের মধ্যে। আর তাই সবাইকে চমকে দিয়ে যুক্তরাষ্ট্রে বছরের প্রথম ছয় মাসে সিডি বিক্রি বেড়েছে ৪৫ দশমিক ৭ শতাংশ। যুক্তরাষ্ট্রের রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব আমেরিকার (আরআইএএ) সাম্প্রতিক এক প্রতিবেদনে সিডির বিক্রির এই চিত্র উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বছরের প্রথম ছয় মাসে দেশটিতে ১ কোটি ৭৫ লাখ সিডি বিক্রি হয়েছে। গত বছরের একই সময়ে বিক্রি হয়েছিল প্রায় ১ কোটি ২০ লাখ। অর্থাৎ এক বছরের ব্যবধানে বিক্রি বেড়েছে প্রায় ৫৫ লাখ ইউনিট। বিক্রির পাশাপাশি আয়ের পরিমাণও উল্লেখযোগ্য হারে বেড়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে সিডি বিক্রি থেকে আয় হয়েছে ১৭ কোটি ১১ লাখ ডলার। ২০২৫ সালের একই সময়ে আয় হয়েছিল প্রায় ১০ কোটি ৭৯ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে আয় বেড়েছে ৫৮ দশমিক ৬ শতাংশ। সিডির বাজারে এই ঘুরে দাঁড়ানোর ঘটনা বেশ চমকপ্রদ। কারণ, গত বছরও এর বিক্রি কমেছিল। আরআইএর হিসাবে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে ৩ কোটি ৩৩ লাখ সিডি বিক্রি হয়েছিল। ২০২৫ সালে তা কমে দাঁড়ায় ২ কোটি ৯৫ লাখে। অর্থাৎ এক বছরে বিক্রি কমেছিল ১১ দশমিক ৬ শতাংশ।

পুরোনো প্রযুক্তিপণ্যের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ দ্রুত বাড়ছে। ফিচার ফোন, ডিজিটাল ক্যামেরা, টাইপরাইটার ও ল্যান্ডলাইন ফোনের মতো প্রযুক্তিপণ্য ব্যবহার করছেন অনেকে। একই প্রবণতা দেখা যাচ্ছে সিডি ও ভিনাইল রেকর্ডের মতো পুরোনো দিনের সংগীতের মাধ্যমেও। এই প্রবণতায় জেন–জি প্রজন্মের ভূমিকা বিশেষভাবে লক্ষণীয়। স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার থেকে কিছুটা দূরে থাকতে তরুণদের একটি অংশ অপেক্ষাকৃত সরল প্রযুক্তির দিকে ঝুঁকছে।

স্মার্টফোনে প্রতিনিয়ত আসা নোটিফিকেশন, ব্যবহারকারীকে দীর্ঘ সময় ধরে রাখার জন্য তৈরি বিভিন্ন অ্যাপ এবং ব্যক্তির আগ্রহ অনুযায়ী কনটেন্ট দেখানো অ্যালগরিদম থেকে দূরে থাকার সুযোগও এসব প্রযুক্তিতে রয়েছে। ফলে প্রযুক্তির সুবিধা ব্যবহারের পাশাপাশি ডিজিটাল জীবনের কিছুটা নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চাইছেন তরুণদের অনেকে। পুরোনো প্রযুক্তিপণ্য সংগ্রহে আগ্রহী তরুণদের অনেকেই ভিড় করছেন পুরোনো পণ্যের দোকান ও ইবের মতো অনলাইন প্ল্যাটফর্মে। রেট্রোস্পেক্টের মতো বিশেষায়িত ওয়েবসাইটেও এসব পণ্যের চাহিদা রয়েছে।

সূত্র: টেক ক্রান্চ