যুব প্রতিবন্ধীদের জাতীয় তথ্যপ্রযুক্তি প্রতিযোগিতায় বিজয়ী হলেন যাঁরা
যুব প্রতিবন্ধীদের নিয়ে আয়োজিত জাতীয় তথ্যপ্রযুক্তি প্রতিযোগিতায় দৃষ্টিপ্রতিবন্ধী শ্রেণিতে বিজয়ী হয়েছেন আল মানি মোস্তাকিম তাহসিন, মো নাছিম ও রাফাত করিম। বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী শ্রেণিতে বিজয়ী হয়েছেন আতিকুর রহমান, সাবেকুন নাহার ও মামুনুর রশিদ। শারীরিক প্রতিবন্ধী শ্রেণিতে বিজয়ী হয়েছেন ইয়াসিন খন্দকার, স্বর্ণা খাতুন ও আবদুল হামিদ এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটি (এনডিডি) শ্রেণিতে বিজয়ী হয়েছেন ওয়াজিহ তাওসিফ, আশরার বিল্লাহ খান ও রাইয়ান হোসেন। চারটি শ্রেণিতে সেরা চারজন বিজয়ী আগামী অক্টোবর মাসে ফিলিপাইনে অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। গত শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ক্যাম্পাসে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) আয়োজিত দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে ১০০ জন যুব প্রতিবন্ধী অংশ নেন। সকালে উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিবন্ধিতার চারটি শ্রেণিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সব শ্রেণিতেই প্রতিযোগীরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট এবং প্রোগ্রামিং (স্ক্র্যাচ) বিষয়ে অংশ নেন। নরসিংদীর মাধবদী সরকারি কলেজের শিক্ষার্থী ওয়াদুদ হাসান বলেন, ‘প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের তথ্যপ্রযুক্তিভিত্তিক বিভিন্ন দক্ষতা প্রকাশের সুযোগ পেয়েছি। আমি ভবিষ্যতে তথ্যপ্রযুক্তি খাতে কাজ করতে চাই।’
ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী নাজমুল হক বলেন, ‘আমরা বিশেষভাবে সক্ষম হলেও আমাদের বিভিন্ন বিষয়ে জানার আগ্রহ রয়েছে। এ ধরনের প্রতিযোগিতা আমাদের অনুপ্রেরণা দেয়।’ বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী মো তানজিল বলেন, ‘আমার চলাফেরা করতে সমস্যা হয়, কিন্তু আমার মস্তিষ্ক অন্য সবার মতোই সক্রিয়। আমি প্রযুক্তি সম্পর্কে অন্যদের মতোই জানি। প্রযুক্তিবিশ্বে কোনো শারীরিক বিভেদ বা বিভাজন নেই। জাতীয় পর্যায়ের এ আয়োজন আমার দক্ষতা প্রকাশের সুযোগ করে দিয়েছে।’ ফরিদপুর থেকে আসা সাদিয়া আফরিন বলেন, ‘আমরা অন্যদের মতোই দক্ষ। আমাদের বিশেষ সুযোগ দেওয়ার প্রয়োজন নেই। আমরা সবার মতোই প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে কাজ করছি।’
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব মো. সামসুল আরেফিন বলেন, সরকার টেকসই লক্ষ্যমাত্রা অর্জন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নিয়ে কাজ করছে। সবার জন্য সমান সুযোগ তৈরির লক্ষ্যেই এ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার বলেন, প্রতিযোগিতার মাধ্যমে যুব প্রতিবন্ধীরা নিজেদের দক্ষতা বাড়াতে পারছেন। বিনা মূল্যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়াসহ যুব প্রতিবন্ধীদের উদ্যোক্তা হিসেবেও গড়ে তোলা হচ্ছে।