বৃহস্পতিবার শুরু হচ্ছে কম্পিউটার সিটির মেলা

সংবাদ সম্মেলনে মেলায় আয়োজকেরাপ্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আগারগাঁওয়ে দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজার বিসিএস কম্পিউটার সিটিতে আগামী বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে ১০ দিনের কম্পিউটার মেলা। ‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২২’ নামের এই মেলা চলবে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত। আজ মঙ্গলবার বিসিএস কম্পিউটার সিটিতে (আইডিবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিসিএস কম্পিউটার সিটির সভাপতি এ এল মজহার ইমাম চৌধুরী জানান, ‘প্রযুক্তির সোপানে উৎকর্ষের শীর্ষে’ স্লোগানে শুরু হতে যাওয়া এ মেলায় বিভিন্ন পণ্যে মূলছাড়, অফার, পুরস্কারসহ বাড়তি সুবিধা পাওয়া যাবে।

মেলার আহ্বায়ক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া জানান, এবারের মেলায় শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়া হবে। চিত্রাঙ্কন, গেমিং ও সেরা কম্পিউটার তৈরির প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি র‍্যাফল ড্রর মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগও পাওয়া যাবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, স্টলের পাশাপাশি মেলায় ছয়টি প্যাভিলিয়নে নিজেদের পণ্য ও সেবা প্রদর্শন করবে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস, ডেল, গিগাবাইট, এইচপি, লেনেভো এবং লজিটেক। প্রতিদিন সকাল ১০টায় থেকে রাত ৮টা পর্যন্ত বিনা মূল্যে মেলায় প্রবেশ করা যাবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিসিএস কম্পিউটার সিটির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা আহমেদ হাসান, বর্তমান সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ মেলার পৃষ্ঠপোষক বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।