ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিষিদ্ধ হবে যে ধরনের ভিডিও দিলে

ইনস্টাগ্রামফাইল ছবি: রয়টার্স

মেটার স্মার্ট চশমা ব্যবহার করে জনসমক্ষে গোপনে ভিডিও ধারণ করে তা ‘প্রাঙ্ক’ বা বিনোদনের নামে প্রকাশ করার প্রবণতা বাড়ছে। অনেক ক্ষেত্রেই এসব ভিডিও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন এবং হয়রানির শামিল বলে অভিযোগ উঠেছে। আর তাই মেটার স্মার্ট চশমা নিয়ে বেশ কিছুদিন ধরেই সমালোচনা চলছে প্রযুক্তি বিশ্বে। এ সমস্যার সমাধানে নিজেদের তৈরি স্মার্ট চশমার মাধ্যমে গোপনে ভিডিও ধারণ করে হয়রানিমূলক বা আপত্তিকর কনটেন্ট প্রকাশ করলে সেই ব্যক্তির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, অন্যকে বিব্রত বা হয়রানির উদ্দেশ্যে ধারণ করা ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশের সুযোগ দেওয়া হবে না। বিশেষ করে তথাকথিত ‘পিকআপ লাইন’ ধরনের ভিডিও, যেখানে মানুষের অজান্তে তাদের প্রতিক্রিয়া ধারণ করে প্রকাশ করা হয়, সেসব কনটেন্ট সরিয়ে ফেলা হবে। মোসেরি বলেন, ‘আমরা চাই না, কেউ গোপনে অন্যের ভিডিও ধারণ করে তাকে হয়রানি করুক এবং পরে সেই ভিডিও আমাদের প্ল্যাটফর্মে প্রকাশ করুক।’

অনেক কনটেন্ট নির্মাতা মেটার স্মার্ট চশমা বা একই ধরনের পরিধানযোগ্য ক্যামেরা ব্যবহার করে সেবাকর্মী, পথচারী কিংবা জনসমক্ষে থাকা অন্য ব্যক্তিদের অজান্তে ভিডিও ধারণ করেন। পরে সেগুলো ‘প্রাঙ্ক’বা ‘সামাজিক পরীক্ষা’ হিসেবে প্রকাশ করা হয়। তবে সমালোচকদের মতে, এসব ভিডিওর অনেকগুলোই বিনোদনের সীমা ছাড়িয়ে সরাসরি হয়রানিতে পরিণত হয়। বিশেষ করে নারীদের অজান্তে তাদের সঙ্গে জনসমক্ষে হওয়া কথোপকথন ভিডিও করে প্রকাশ করার ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে মেটার স্মার্ট চশমাকে কেউ কেউ ‘বিকৃত মানসিকতার মানুষের চশমা’ বা ‘শিকারির চশমা’ বলেও আখ্যা দিচ্ছেন। এমন নেতিবাচক পরিচিতি পণ্যটির ভাবমূর্তির জন্যও অস্বস্তিকর হয়ে উঠেছে।

বিজনেস ইনসাইডারের তথ্য অনুযায়ী, জনসমক্ষে নারীদের সম্মতি ছাড়া নিয়মিত ভিডিও ধারণ ও প্রকাশ করা দুটি আলোচিত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। মেটাও নিশ্চিত করেছে, স্মার্ট চশমায় ধারণ করা হয়রানিমূলক কনটেন্ট প্রকাশের কারণেই ওই অ্যাকাউন্ট দুটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু কনটেন্ট নীতিমালা কঠোর করেই থেমে থাকেনি মেটা। স্মার্ট চশমার অপব্যবহার ঠেকাতে সম্প্রতি প্রতিষ্ঠানটি একটি সফটওয়্যার হালনাগাদ চালু করেছে। এর ফলে ভিডিও ধারণের সময় জ্বলে ওঠা এলইডি নির্দেশক আলো নিয়ন্ত্রণ করা হলে চশমার ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে।
সূত্র: এনগ্যাজেট