বিট–বাইট
স্টিয়ারিং হুইল ছাড়া চালকবিহীন গাড়ি
গন্তব্য নির্দিষ্ট করে দিলেই ব্যস্ত রাস্তায় ছুটে চলতে সক্ষম চালকবিহীন গাড়ি তৈরি করছে চীনা সার্চ ইঞ্জিন ‘বাইডু’। ‘অ্যাপোলো আরটি৬’ নামের গাড়িটিতে চালকের আসনও নেই, ফলে যাত্রীরা স্বচ্ছন্দে বসে যাত্রা করতে পারবেন। চীনে অনুষ্ঠিত ‘বাইডু ওয়ার্ল্ড কনফারেন্স’–এ গাড়িটি দেখায় বাইডু।
প্রতিষ্ঠানটির তথ্যমতে, স্বয়ংক্রিয়ভাবে পথচলার জন্য গাড়ির চারপাশে ১২টি ক্যামেরার পাশাপাশি শক্তিশালী ৮টি লাইডার (লেজার রশ্মি কাজে লাগিয়ে বস্তু শনাক্তকরণ প্রযুক্তি) ব্যবহার করা হয়েছে। ফলে আশপাশের গাড়ি বা মানুষের অবস্থান শনাক্ত করে নিরাপদে পথ চলবে গাড়িটি।
রোবোট্যাক্সি হিসেবে ব্যবহার করা যাবে গাড়িটি। ব্যবহারকারীরা চাইলে স্টিয়ারিং হুইল ব্যবহার করতে পারবেন। আগামী বছর বাজারে আসতে পারে এটি। গাড়িটি কিনতে গুনতে হবে ৩৭ হাজার ৩২ ডলার (প্রায় ৩৪ লাখ ৮৪ হাজার টাকা)। সূত্র: রয়টার্স
দ্রুত প্রতিক্রিয়া জানানো যাবে হোয়াটসঅ্যাপে
স্ট্যাটাসে বার্তা না লিখে দ্রুত প্রতিক্রিয়া জানানোর জন্য নতুন সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। ‘কুইক রিঅ্যাকশন’ নামের এই সুবিধা কাজে লাগিয়ে নির্দিষ্ট ইমোজির মাধ্যমে দ্রুত স্ট্যাটাস হালনাগাদ করা যাবে। ফলে কোনো বার্তা না লিখেই মনের ভাব প্রকাশ করা যাবে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এ সুবিধা চালুর জন্য কাজও শুরু করেছে হোয়াটসঅ্যাপ।
গত মে মাসে ইমোজি ব্যবহারের সুযোগ চালু করে হোয়াটসঅ্যাপে। এরই ধারাবাহিকতায় এবার ইমোজির মাধ্যমে দ্রুত স্ট্যাটাস হালনাগাদের সুযোগ চালু করতে যাচ্ছে ইনস্ট্যান্ট মেসেজিং সেবাটি।
সূত্র: এনডিটিভি
স্মার্টঘড়িতেও গুগল পে
এবার স্মার্টঘড়িতেও ব্যবহার করা যাবে ‘গুগল পে’। ফলে স্মার্টঘড়ির পর্দায় থাকা ‘জি পে’আইকনে ক্লিক করেই সরাসরি অর্থ পরিশোধের সুযোগ মিলবে। শিগগিরই এ সুবিধা চালু হবে। সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ