বিপিও খাতের টেকসই বিকাশে দীর্ঘমেয়াদি নীতিসহায়তা ও প্রণোদনা প্রয়োজন: বাক্কো সভাপতি

বৈশ্বিক আউটসোর্সিং বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হওয়ার ফলে এই খাত থেকে বৈদেশিক মুদ্রা আয় হওয়ার পাশাপাশি তরুণদের কর্মসংস্থান হচ্ছে। তাই বাজেটে বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও খাতের টেকসই বিকাশে নীতিসহায়তা ও প্রণোদনা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) সভাপতি তানভীর ইব্রাহীম।

বর্তমানে বিপিও, আইটি/আইটিইএস রপ্তানিতে ৬ শতাংশ প্রণোদনা থাকলেও আগের মতো ১০ শতাংশ প্রণোদনা পুনর্বহাল এবং ৫ শতাংশ উৎসে ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছেন তানভীর ইব্রাহীম। পাশাপাশি বিপিও, ক্লাউড সার্ভিস, এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনসহ আধুনিক সেবাগুলোকে কর অব্যাহতির আওতায় আনা প্রয়োজন বলে মনে করেন তিনি।

তানভীর ইব্রাহীম বলেন, বিপিও, আইটি এবং আইটিইএস খাতে কর অব্যাহতির মেয়াদ আগামী বছরের ৩০ জুন পর্যন্ত থাকলেও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে এ সুবিধা ২০৩১ সাল পর্যন্ত বাড়ানো প্রয়োজন। দক্ষ মানবসম্পদ উন্নয়নে স্কিল ডেভেলপমেন্ট ফান্ড গঠন, সাইবার নিরাপত্তা ও ক্লাউড কম্পিউটিং প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ এবং ডেটা সেন্টার স্থাপনে প্রণোদনাও দিতে হবে।

ফ্রিল্যান্সার ও স্টার্টআপদের উৎসাহিত করতে করছাড় সুবিধা, সহজ ঋণ এবং তহবিল গঠনের পাশাপাশি ডেটা প্রোটেকশন আইন প্রণয়ন ও সরকারি প্রকল্পে দেশীয় প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়ার নীতিমালা তৈরিরও আহ্বান জানিয়েছেন তানভীর ইব্রাহীম।