বর্ণ বাংলা মৌলিক সফটওয়্যারের আত্মপ্রকাশ

বর্ণ বাংলা সফটওয়্যারের আত্মপ্রকাশ। আইবিএম কম্পিউটারের জন্য বর্ণ ছিল প্রথম বাংলা মৌলিক সফটওয়্যার।

বর্ণ সফটওয়্যারের সাফল্যের পর দ্য সেইফওয়ার্কস তৈরি করে বানান পরীক্ষক ‘পণ্ডিত’। ১৯৯৪ সালে ঢাকায় পণ্ডিতের সংবাদ সম্মলনে দুই প্রোগ্রামার অংক (ডানে) ও সোহেল (বাঁ থেকে দ্বিতীয়)দ্য সেইফওয়ার্কস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ জুলাই ১৯৯১
বর্ণ বাংলা সফটওয়্যারের আত্মপ্রকাশ
১৯৯১ সালের ২৬ মার্চ ঢাকায় এক মেলায় বাংলা একটি সফটওয়্যারের নমুনা দেখিয়েছিলেন কলেজপড়ুয়া দুই কম্পিউটার প্রোগ্রামার। ২৪ জুলাই বর্ণ নামের সেই সফটওয়্যারের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সেই সময়ে আইবিএম ঘরানার পার্সোনাল কম্পিউটারে বাংলা ভাষায় লেখালেখি করার জন্য মৌলিক একক কোনো সফটওয়্যার ছিল না। আইবিএমের জন্য আবহ, অনির্বাণসহ যে সফটওয়্যারগুলো তখন ছিল, সেগুলো মূলত বাংলা ইন্টারফেস প্রোগ্রাম। মানে অন্য সফটওয়্যারের সঙ্গে মিলিয়ে বাংলা লেখা যেত। বর্ণ ছিল সেই সময়ের জনপ্রিয় ওয়ার্ড প্রসেসর ওয়ার্ড পারফেক্টের মতো একক সফটওয়্যার। আইবিএম কম্পিউটারের জন্য বর্ণ ছিল প্রথম বাংলা মৌলিক সফটওয়্যার।
দুই বন্ধু রেজা-ই-আহমেদ অংক ও মো. শহীদুল ইসলাম সোহেল সি প্রোগ্রামিং ভাষায় বর্ণ সফটওয়্যার লেখেন। অংক ও সোহেল দুজনই ছিলেন ১৯৯১ সালের এইচএসসি পরীক্ষার্থী। অংক পড়তেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজে এবং সোহেল নটর ডেম কলেজে।

ডস অপারেটিং সিস্টেমে চলত বর্ণ। ছবিভিত্তিক গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (জিইউআই) ছিল বর্ণের। এতে তখন মুনীর, ইজি, ন্যাশনাল ও ম্যাক—এই চার কি-বোর্ডে লে-আউটে বাংলা লেখা যেত। ফন্টের আকার ও স্টাইল ছিল কয়েক রকমের। প্রথমে দ্য একসিস প্রাইভেট লিমিটেডের মাধ্যমে বর্ণ বাজারজাত করা হয়। পরে ১৯৯৩ সালের ৩ মার্চ রেজা-ই-আহমেদ, মো. শহীদুল ইসলাম ও মাহবুবুল আলম মিলে ঢাকার ৪৪/সি ইন্দিরা রোডে প্রতিষ্ঠা করেন দ্য সেইফওয়ার্কস। বর্ণের বাজারজাত, উন্নয়ন—সবকিছুই তখন এ প্রতিষ্ঠান থেকে করা হয়।
মাহবুবুল আলম প্রথম আলোকে জানান, তখন দেশে কম্পিউটারের সংখ্যা বেশ কম ছিল। তবে বিভিন্ন অফিস-আদালতে পার্সোনাল কম্পিউটারের সংখ্যা বাড়ছিল। বর্ণ দ্রুত জনপ্রিয়তা পায়। টেকনাফ থেকে তেঁতুলিয়া—সারা দেশেই বর্ণ সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। তখন বর্ণ সফটওয়্যারের মূল্য ছিল প্রতিটি কম্পিউটারের জন্য ৭ হাজার ৫০০ টাকা।
বর্ণের প্রোগ্রামার শহীদুল ইসলাম বর্তমানে যুক্তরাষ্ট্রে অ্যামাজন ডটকমে কাজ করছেন। তিনি বলেন, তখন যে বাংলা সফটওয়্যারগুলো ছিল, সেগুলোর জন্য রঙিন মনিটর এবং একটু দামি প্রিন্টারের প্রয়োজন ছিল। বর্ণ সাদাকালো মনিটরেও চলত। আরা বর্ণতে লিখে সেটি ৯ পিনের ডট মেট্রিকস প্রিন্টারে প্রিন্ট করা যেত। এই প্রিন্টারের দাম ছিল অপেক্ষাকৃত কম। এ রকম কিছু মৌলিক সুবিধার কারণে তখন বর্ণের ব্যবহার বেশি হয়েছিল।

বর্ণ দিয়ে বাংলা লেখা যেত, আর বানান ঠিক করার জন্য আসে পণ্ডিত
দ্য সেইফওয়ার্কস

১৯৯৪ সালে বর্ণের সঙ্গে পণ্ডিত নামে বাংলা বানান পরীক্ষক তৈরি করে দ্য সেইফওয়ার্কস। বর্ণের অপর নির্মাতা রেজা-ই-আহমেদ থাকেন যুক্তরাষ্ট্রের বোস্টনে। তিনি এখন প্রযুক্তিভিত্তিক একটি স্টার্টআপ (উদ্ভাবনী উদ্যোগ) গড়ে তোলার কাজে ব্যস্ত। তিনি বললেন, ‘আমরা সি প্রোগ্রামিং ভাষায় বর্ণ লিখেছি। কোডিং করতে ছয় মাসের মতো সময় লেগেছে। বর্ণের বেশ কটি সংস্করণ তৈরি হয়েছিল।’
উইন্ডোজ অপারেটিং সিস্টেম আসার পর ডসভিত্তিক অন্যান্য সফটওয়্যারের মতো বর্ণের দিনও ফুরিয়ে আসে। ১৯৯৪ সাল থেকে বর্ণ বিক্রিতে ভাটা পড়ে। ১৯৯৫ সালে এর চাহিদা একেবারেই কমে যায়। দ্য সেইফওয়ার্কস থেকে উইন্ডোজের জন্য বাংলা ইন্টারফেস সফটওয়্যার ‘বর্ণনা’ তৈরি করা হয়েছিল, কিন্তু সেটি বাজার পায়নি। ১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত প্রায় এক হাজার কপি বর্ণ বিক্রি হয়েছিল। ফ্লপি ডিস্কে করে বর্ণ ইনস্টল করা হতো বিভিন্ন কম্পিউটারের হার্ডড্রাইভে। বর্ণ সফটওয়্যারের আকার ছিল ৫০০ কিলোবাইটের মতো।

আজিম প্রেমজি
রয়টার্স

২৪ জুলাই ১৯৪৫
উইপ্রোর আজিম প্রেমজির জন্ম
তথ্যপ্রযুক্তিজগতে নেতৃস্থানীয় ব্যবসায়ী ভারতীয় সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান উইপ্রো লিমিটেডের প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান আজিম প্রেমজি তৎকালীন ব্রিটিশ ভারতের বোম্বেতে জন্মগ্রহণ করেন। চার দশক ধরে তিনি উইপ্রোর দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন। উইপ্রোর ব্যবসায় সম্প্রসারণ ও প্রবৃদ্ধি তাঁর হাত ধরেই হয়েছে। উইপ্রো এখন পৃথিবীর অন্যতম বড় সফটওয়্যার প্রতিষ্ঠান। ভারতীয় তথ্যপ্রযুক্তি শিল্পে প্রেমজিকে ‘দ্য সিজার’ বলে ডাকা হয়।
২০১০ সালে এশিয়াউইক সাময়িকীর পাঠকদের ভোটে আজিম প্রেমজি বিশ্বের ক্ষমতাধর ২০ জনের তালিকায় স্থান পান। ২০০৪ ও ২০১১ সালে বিশ্বখ্যাত টাইম সাময়িকীর প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায়ও আজিম প্রেমজির নাম ছিল। তিনি বর্তমানে বেঙ্গালুরুর আজিম প্রেমজি ইউনিভার্সিটির আচার্য (চ্যান্সেলর) হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি ভারত সরকারের পদ্মবিভূষণ খেতাব পেয়েছেন।

বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকাতেও আছের আজিম প্রেমজি। পাশাপাশি দাতব্যকাজে বিপুল পরিমাণ অর্থ দেন তিনি। ২০১৩ সালে ২২০ কোটি ডলার অনুদান দিয়ে চালু করেন আজিম প্রেমজি ফাউন্ডেশন। এই সংস্থা ভারতে শিক্ষার উন্নয়নে কাজ করছে।
গুজরাট থেকে মুম্বাইয়ে আসা কুচি ভারতীয় মুসলিম শিয়া পরিবারে আজিম প্রেমজির বেড়ে ওঠা। তাঁর বাবা মুহাম্মদ হাশিম প্রেমজি ছিলেন তৎকালীন বার্মার বিখ্যাত চাল ব্যবসায়ী। পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ তাঁকে পাকিস্তানে চলে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু প্রেমজি ভারতেই থেকে যান।
প্রেমজি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশলে স্নাতক ডিগ্রিধারী। তাঁর স্ত্রীর নাম ইয়াসমিন প্রেমজি। তাঁদের দুই সন্তান রিশাদ ও তারিক। রিশাদ প্রেমজি বর্তমানে উইপ্রোর চিফ স্ট্র্যাটেজি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

বেল ল্যাবসের তিন গবেষক
কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি

২৪ জুলাই ১৯৫১
বেল ল্যাবস ছেড়ে দিলেন ট্রানজিস্টরের উদ্ভাবক
ট্রানজিস্টরের উদ্ভাবক জন বারডিন যুক্তরাষ্ট্রের এটিঅ্যান্ডটি বেল ল্যাবরেটিরজ ছেড়ে যান। সঙ্গে নিয়ে যান ওয়ালটার ব্র্যাটেইন ও উইলিয়াম শকলিকেও। আধুনিক কম্পিউটারের জন্য আবশ্যক যন্ত্রাংশ ‘পয়েন্ট-কনটাক্ট ট্রানজিস্টর’ তৈরি করেছিলেন জন বারডিন।
সেকালে কম্পিউটারে ব্যবহৃত ভ্যাকুয়াম টিউবের বদলে জায়গা করে নেয় বারডিনের ট্রানজিস্টর। ফলে নাটকীয়ভাবে কম্পিউটারের আকার কমে যায় এবং শক্তি বেড়ে যায়। বেল ল্যাবস ছেড়ে বারডিন যোগ দেন ইউনিভার্সিটি অব ইলিনয়েস অ্যাট আরবানা শ্যাম্পেইনে।

সূত্র: মাসিক কমপিউটার জগৎ, কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি ও কম্পিউটার হোপ