এক্সে প্রতারণার মাধ্যমে আয় করায় দুই কনটেন্ট নির্মাতার বিরুদ্ধে মামলা

এক্সরয়টার্স

এক্সের ক্রিয়েটর রেভিনিউ শেয়ারিং প্রোগ্রাম থেকে অর্থ আয়ের জন্য কৃত্রিমভাবে নিজেদের তৈরি কনটেন্টে (আধেয়) ভুয়া লাইক ও মন্তব্য যুক্ত করার পাশাপাশি এনগেজমেন্ট বাড়ানোর অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে এক্স। ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমটির অভিযোগ, একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে নিজেদের পোস্টে কৃত্রিমভাবে লাইক, রিপোস্ট ও মন্তব্যের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে অর্থ আয় করতেন এই দুই কনটেন্ট নির্মাতা।

এক্সের তথ্যমতে, ইংল্যান্ড ও ওয়েলসের হাইকোর্ট অব জাস্টিসে করা মামলায় অভিযুক্ত দুই ব্যক্তির নাম হচ্ছে বিবেক কুমার সেন ও জামইয়াং শেরপা। অভিযুক্ত ব্যক্তিরা এক্সের ক্রিয়েটর রেভিনিউ শেয়ারিং প্রোগ্রামের আওতায় এরই মধ্যে ২ লাখ ৬ হাজার পাউন্ডের বেশি আয় করেছেন। প্রতারণামূলক এ কাজে তাঁদের সঙ্গে আরও কয়েকজন ব্যক্তি যুক্ত থাকতে পারেন।

মামলার নথি অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তিদের অ্যাকাউন্টগুলো আসলে একই নেটওয়ার্কের অংশ ছিল। একটি অ্যাকাউন্টে কোনো পোস্ট প্রকাশের পরপরই অন্য অ্যাকাউন্টগুলো থেকে একই বা প্রায় একই ধরনের পোস্ট প্রকাশ করা হতো। কখনো দুটি অ্যাকাউন্টের পোস্ট প্রকাশের মধ্যে ব্যবধান ছিল মাত্র কয়েক সেকেন্ড। একই শিরোনাম, একই চার্ট, এমনকি একই বানান ভুলও একাধিক পোস্টে দেখা যেত। এভাবে আলাদা ব্যবহারকারীদের মধ্যে স্বাভাবিক যোগাযোগ হচ্ছে—এমন ধারণা তৈরি করা হতো।

শুধু পোস্ট প্রকাশ করাই নয়, এনগেজমেন্ট বাড়াতেও নিজেদের অন্য অ্যাকাউন্টগুলো ব্যবহার করতেন অভিযুক্ত ব্যক্তিরা। ফলে পোস্টগুলো সম্পর্কে ব্যবহারকারীদের আগ্রহ তৈরি হয়েছে বলে মনে হতো। এভাবেই সেন ও শেরপা নিজেদের অ্যাকাউন্টগুলোর মধ্যে কৃত্রিম এনগেজমেন্ট তৈরি করতেন। এর মাধ্যমে তাঁরা এক্সের কাছ থেকে দুই লাখ ছয় হাজার পাউন্ডের বেশি অর্থ আয় করেছেন।

আরও পড়ুন

এক্সের ক্রিয়েটর রেভিনিউ শেয়ারিং প্রোগ্রামের আওতায় বেশি এনগেজমেন্ট তৈরি হওয়া পোস্টগুলো থেকে আয় করার সুযোগ মিলত। তবে গত আগস্টে ক্রিয়েটর রেভিনিউ শেয়ারিং প্রোগ্রাম বন্ধ করে নতুন রিওয়ার্ড প্রোগ্রাম চালু করেছে এক্স।

কৃত্রিমভাবে এনগেজমেন্ট বাড়িয়ে অর্থ আয়ের অভিযোগে এক্সের আইনি পদক্ষেপ নেওয়ার ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। গত বছরের জুনে ভিয়েতনামের হ্যানয়ে একটি ক্লিক ফার্ম পরিচালনার অভিযোগে আটজনের বিরুদ্ধে মামলা করেছিল প্রতিষ্ঠানটি। ওই মামলাতেও ভুয়া অ্যাকাউন্ট ও কৃত্রিম এনগেজমেন্ট ব্যবহার করে অর্থ আয়ের অভিযোগ করা হয়েছিল।

সূত্র: ইন্ডিয়া টুডে