ক্যাশলেস লেনদেন নিশ্চিত করতে গাজীপুর সিটি করপোরেশন ও এটুআইয়ের চুক্তি

গাজীপুর সিটি করপোরেশন ও এসপায়ার টু ইনোভেটের (এটুআই) মধ্যে চুক্তিসই অনুষ্ঠানে কর্মকর্তারাসংগৃহীত

নাগরিকদের দোরগোড়ায় আধুনিক ও ক্যাশলেস সেবা পৌঁছে দিতে গাজীপুর সিটি করপোরেশন ও এসপায়ার টু ইনোভেটের (এটুআই) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে অবস্থিত এটুআই কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি সম্পন্ন হয়।

চুক্তির আওতায় গাজীপুর সিটি করপোরেশনে বসবাসকারীরা এখন থেকে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থাপনাসহ বিভিন্ন নাগরিক সেবার ফি এটুআইয়ের সমন্বিত পেমেন্ট গেটওয়ে ‘একপে’র মাধ্যমে যেকোনো সময়, যেকোনো স্থান থেকে পরিশোধ করতে পারবেন। একপের পাশাপাশি মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, উপায়, রকেট, ট্যাপ, টেলিক্যাশ), কার্ড ব্যাংকিং (ভিসা, মাস্টারকার্ড, অ্যামেরিকান এক্সপ্রেস, টাকা-পে), ইন্টারনেট ব্যাংকিং এবং ই-ওয়ালেটসহ বিভিন্ন পেমেন্ট চ্যানেলও ব্যবহার করতে পারবেন তারা। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এটুআই।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান বলেন, নাগরিক ভোগান্তি কমাতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিকল্প নেই এবং এই উদ্যোগ নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই চুক্তির ফলে গাজীপুরবাসী দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝামেলা ছাড়াই অনলাইনে যেকোনো সময় তাঁদের প্রয়োজনীয় নাগরিক সুবিধার ফি পরিশোধ করতে পারবেন, যা সিটি করপোরেশনের রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতিশীলতা আনবে।’

এটুআইয়ের প্রকল্প পরিচালক মোহা. আবদুর রফিক বলেন, ‘সরকারি সেবা ডিজিটাইজেশনের মাধ্যমে আরও স্বচ্ছ ও সহজ হয়। একজন সেবাগ্রহীতা হিসেবে আমি চাই সেবাটি ভার্চ্যুয়ালি সহজে এবং দ্রুত সময়ে পেতে। গাজীপুর সিটি করপোরেশনের সেবাগুলোর পেমেন্ট একপের মাধ্যমে ডিজিটাল হওয়ায় গাজীপুরের মানুষ উপকৃত হবেন।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটুআইয়ের হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট আবদুল্লাহ আল ফাহিম, এটুআইয়ের চিফ টেকনোলজি অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান, হেড অব কমিউনিকেশনস মোহাম্মদ সফিউল আযম, একপের কনসালটেন্ট মুহাম্মদ শাহাদাত হোসেনসহ এটুআই এবং গাজীপুর সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।