প্রযুক্তির এই দিনে: ২৮ মে
ইলেকট্রনিক আর্টসের প্রতিষ্ঠা
ইএ প্রতিষ্ঠিত। ট্রিপ হকিনস ইলেকট্রনিক আর্টস প্রতিষ্ঠা করেন। তিনি ডিজাইনার ও প্রোগ্রামারদের ‘সফটওয়্যার শিল্পী’ হিসেবে পরিচিত করার একজন পথিকৃৎ।
২৮ মে ১৯৮২
ইলেকট্রনিক আর্টসের প্রতিষ্ঠা
যাঁরা ভিডিও গেম বা হালের কম্পিউটার গেম খেলেন, তাঁরা জনপ্রিয় অনেক গেম খেলার সময় ইএ বা ইলেকট্রনিক আর্টসের লোগো ও নাম দেখে থাকবেন। ইলেকট্রনিক আর্টস ইনকরপোরটেড (ইএ) মার্কিন ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রেডউড সিটিতে এর সদর দপ্তর। ১৯৮২ সালের ২৮ মে অ্যাপল কম্পিউটারের তৎকালীন কর্মী ট্রিপ হকিনস এটি প্রতিষ্ঠা করেন। ট্রিপ ছিলেন ঘরোয়া কম্পিউটার গেমের প্রথম দিকের একজন পথিকৃৎ। তিনি ডিজাইনার ও প্রোগ্রামারদের ‘সফটওয়্যার শিল্পী’ হিসেবে পরিচিত করার একজন উদ্যোক্তা ছিলেন। ইএ গেমস ও কিছু কেজো সফটওয়্যারও তৈরি করে।
এখনো ইএ গেমস নির্মাণ করছে। তাদের অনেক ফ্র্যাঞ্চাইজিও আছে বিভিন্ন দেশে। ইলেকট্রনিক আর্টসের তৈরি জনপ্রিয় গেমগুলোর মধ্যে আছে ব্যাটলফিল্ড, নিড ফর স্পিড, দি সিমস, মেডেল অব অনার, কমান্ড অ্যান্ড কনকয়্যার, ডেড স্পেস, মাস ইফেক্ট, ড্রাগন এজ, আর্মি অব টু, অ্যাপেক্স লিজেন্ডস ও স্টার ওয়্যারস। এ ছাড়াও ইএ স্পোর্টসের ব্যানারে ফিফা, মেডে এনএফএল, এনবিএ লাইভ, এনএইচএল, পিজিএ ও ইউএফসি গেম তৈরি করেছে প্রতিষ্ঠানটি।
২৮ মে ১৯৫৯
নতুন প্রোগ্রামিং ভাষা তৈরির কমিটি গঠিত
কোবোল বা কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ নামের নতুন একটি প্রোগ্রামিং ভাষার জন্য কমিটি গঠন করা হয় ১৯৫৯ সালের ২৮ মে। সেই সময়ের বেশ কিছু কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান এবং পেন্টাগন ব্যবসায়িক কাজের জন্য প্রোগ্রাম তৈরির উদ্যোগ নেয়। এমন প্রোগ্রাম তৈরির উদ্দেশ্য ছিল, যাতে নির্দিষ্ট যন্ত্রনির্ভরশীলতা কমে যায়। যদিও প্রোগ্রামার হাওয়ার্ড ব্রোমবার্গ কোবোলের ভিত হিসেবে প্রাথমিক প্রোগ্রাম তৈরি করেছিলেন, কিন্তু সেটার কোনো ভবিষ্যৎ দেখা যাচ্ছিল না। তবে এখনো ব্যবসায়িক কাজে কোবোল ব্যবহৃত হচ্ছে।
২৮ মে ১৯৮৮
ডিআর ডস চালু
আইবিএম ঘরানার পার্সোনাল কম্পিউটার চালানোর জন্য ডিআর ডস অপারেটিং সিস্টেম চালু করা হয় ১৯৮৮ সালে। এটি ছিল প্রথম ডস (ডিস্ক অপারেটিং সিস্টেম), যা পরে আইবিএম পিসি ডস ও এমএস-ডসসহ বিভিন্ন নামের অপারেটিং সিস্টেম তৈরির প্রথম চেষ্টা।
আইবিএমে গ্যারি এ কিলডালের তৈরি ডিজিটাল রিসার্চ ডসের ওপর ভিত্তি করেই পরবর্তী সময়ে ডসের বিভিন্ন সংস্করণ তৈরি করা হয়। মাইক্রোসফটও বানায় এমএস উইন্ডোজ। ডসে লিখে লিখে বিভিন্ন নির্দেশ (কমান্ড প্রম্পট) দিয়ে কম্পিউটারে কাজ করা হতো। ছবিভিত্তিক অপারেটিং সিস্টেম উইন্ডোজ আসার আগপর্যন্ত আইবিএম ঘরানার কম্পিউটার ডসে চালানো হতো।