অ্যাপলের ক্লাউডনির্ভর বিভিন্ন সেবায় বিভ্রাট
মাইক্রোসফটের পর কারিগরি বিভ্রাটের কবলে পড়েছে অ্যাপলের ক্লাউডনির্ভর বিভিন্ন সেবা। এর ফলে গতকাল মঙ্গলবার আইক্লাউড, অ্যাপ স্টোর, অ্যাপল ওয়ালেটসহ বেশ কিছু অ্যাপল সেবায় প্রবেশ করতে সমস্যার মুখে পড়েন বিভিন্ন দেশের ব্যবহারকারীরা। আইক্লাউডসহ নিজেদের বেশ কয়েকটি সেবায় ত্রুটি দেখা দেওয়ার বিষয়টি স্বীকার করে অ্যাপল জানিয়েছে, অভ্যন্তরীণ প্রযুক্তি হালনাগাদের কারণে এই সমস্যা তৈরি হয়েছিল। সমস্যা সমাধানের কাজ চলছে এবং অনেক সেবা আবার সচল হয়েছে।
অ্যাপলের একজন মুখপাত্র জানান, ‘অভ্যন্তরীণ আপডেটের কারণে কিছু বিভ্রাট ঘটার পর আমাদের অনেক সিস্টেম আবার সচল হয়েছে। যত দ্রুত সম্ভব অন্য সিস্টেমগুলো অনলাইনে আনার জন্য আমরা কাজ করছি।’
ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার সকাল থেকে সমস্যার তথ্য আসতে শুরু করে। পরে আজ বুধবার সকাল ৬টা থেকে (বাংলাদেশ সময়) যুক্তরাষ্ট্রে সমস্যার সমাধান শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্র ছাড়াও ব্রাজিল, গ্রিস ও লাটভিয়ার ব্যবহারকারীরাও অ্যাপল সেবা ব্যবহার করতে গিয়ে সমস্যার মুখোমুখি হয়েছেন বলে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে। তবে এ বিভ্রাটের মাত্রা ঠিক কতখানি ছিল, তা পরিষ্কার হয়নি।
বিভ্রাটের পর অ্যাপল ব্যবহারকারীরা এক্সে বিভিন্ন পোস্ট করেন। বেশ কয়েকজন অ্যাপল ব্যবহারকারী বিভ্রাটের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান। এক্সে করা একটি পোস্টে একজন ব্যবহারকারী জানান, অ্যাপল বিভ্রাটের কারণে সবকিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্য একজন ব্যবহারকারী লেখেন, অ্যাপল একটি বড় বিভ্রাটের মুখোমুখি হয়েছে। অ্যাপল আইডি এবং কোম্পানির অন্যান্য সিস্টেম কাজ করছে না। এ ছাড়া অভ্যন্তরীণ এনএসএ নেটওয়ার্কেও একটি সিস্টেম বিভ্রাট দেখা দিয়েছে।
সাম্প্রতিক সময়ে বেশ কিছু প্রযুক্তিপ্রতিষ্ঠান নানা ধরনের বিভ্রাটের মুখে পড়ছে। এ কারণে ব্যবহারকারীদের মধ্যে বাড়তি উদ্বেগের জন্ম দিচ্ছে। দৈনন্দিন কাজে ক্লাউডভিত্তিক সেবার ওপর মানুষের নির্ভরতা বেড়ে যাওয়ায় সামান্য কারিগরি ত্রুটিও বড় ধরনের প্রভাব ফেলছে। অ্যাপলের ইকোসিস্টেমে যুক্ত থাকা আইক্লাউড বা অ্যাপ স্টোরের মতো সেবাগুলো বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ব্যবহার করেন। ফলে এসব সেবা হঠাৎ বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে ব্যবহারকারীদের কার্যক্রমে বড় ধরনের স্থবিরতা নেমে আসে।
সূত্র: নিউজ ১৮ ডট কম