দক্ষিণ কোরিয়ায় যাওয়ার আগে নিজেদের রোবটের সক্ষমতা দেখাল বাংলাদেশ দল
আগামী ৭ থেকে ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন শহরে শুরু হতে যাচ্ছে রোবোটিকসের অলিম্পিক–খ্যাত ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জ (এফজিসি) প্রতিযোগিতা। রোবোটিকসের এই বিশ্ব আসরে বাংলাদেশসহ অংশ নেবে ১৯০টি দেশ। প্রতিযোগিতার জন্য এরই মধ্যে বাংলাদেশ দল গঠন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে গতকাল শনিবার ‘দ্য টেক একাডেমি’ কার্যালয়ে নিজেদের তৈরি রোবটগুলো প্রদর্শনের পাশাপাশি সেগুলোর সক্ষমতা তুলে ধরেছেন বাংলাদেশ দলের সদস্যরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দ্য টেক একাডেমি।
‘টিম বাংলাদেশ: রোড টু এফজিসি, ২০২৬ সাউথ কোরিয়া’ শীর্ষক এ রোবট প্রদর্শনীতে বাংলাদেশ দলের প্রধান মেন্টর মোহাম্মদ শামস জাবের বলেন, ‘ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জ সাধারণ কোনো রোবোটিকস প্রতিযোগিতা নয়, এটি বিশ্বের ১৯০টি দেশের রোবোটিকস শিক্ষার্থী এবং মেন্টরদের মিলনমেলা। তাই এটি আমাদের তরুণ প্রজন্মের জন্য পারস্পরিক সহযোগিতা, নতুন করে শেখা এবং গোটা বিশ্বের প্রায় সব দেশের মানুষের সঙ্গে সাংস্কৃতিক বিনিময়ের দারুণ এক সুযোগ।’
অনুষ্ঠানে জানানো হয়, এ বছর ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জের প্রতিপাদ্য হচ্ছে ‘ইগনাইটিং ইনোভেশন: ফোকাসিং অন ওয়াইল্ড ফায়ার প্রিভেনশন, মিটিগেশন অ্যান্ড রিকভারি’। অর্থাৎ, প্রযুক্তির সাহায্যে দাবানলের আগুন প্রতিরোধ, নিবারণ এবং কমিয়ে আনা। সে জন্য বাংলাদেশ দলের সদস্যরা এবার তিন ধরনের ‘শুটার রোবট’ বানিয়েছেন। রোবটগুলো দূর থেকে আগুনের ভেতর কার্বন ডাই-অক্সাইডযুক্ত বল ছুড়ে দিতে পারে। প্রয়োজনে পাইপ বেয়ে ওপরে উঠতেও পারে রোবটগুলো। ফলে ভেতরে না ঢুকেই দ্রুত আগুন নিভিয়ে ফেলা যাবে।
ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জে বাংলাদেশ দলের সদস্যরা হলেন—মাহরুজ মোহাম্মদ, মো. মুহতাসাম মুশাররফ, মো. ইশমাম শাহরুজ চৌধুরী, সুহানা মান্নান, নূরাজ হোসেন, সারিম আহমেদ, নুজহাত জাহান ও সন্দীপন কুণ্ডু। মেন্টর হিসেবে রয়েছেন রায়হান আহমেদ, সিফাত সামিয়া ইসলাম, মুহাম্মদ আহসান, ফায়েজ আলম ও তাহা কাইজার দিসাওয়ালা। বাংলাদেশ দল নির্বাচন, প্রশিক্ষণ ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে দ্য টেক একাডেমি।
ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জ প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া বাংলাদেশের দলের গোল্ড স্পনসর হিসেবে রয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং শীর্ষস্থানীয় সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান উল্কাসেমি। সিলভার স্পনসর হিসেবে রয়েছে পরিবেশবান্ধব এনার্জি সরবরাহকারী প্রতিষ্ঠান সোলশেয়ার এবং ইস্পাহানি টি লিমিটেড।