জুমে ভিডিও কলের সময় এক ভাষার কথা অন্য ভাষায় শোনা যাবে
ইংরেজিতে দক্ষ হলেও ফরাসি, চীনা, জার্মান, স্প্যানিশসহ বিভিন্ন ভাষায় কথা বলা ব্যক্তিদের সঙ্গে আলোচনার সময় ভাষাগত জটিলতার মুখোমুখি হন অনেকেই। ভিডিও কলে কথা বলার সময় এ সমস্যার মুখোমুখি হতে হয় সবচেয়ে বেশি। আর তাই ভিডিও কলে ভিন্ন ভাষার মানুষের সঙ্গে নির্বিঘ্নে কথা বলার সুযোগ করে দিতে এক ভাষার কথা অন্য ভাষায় তৎক্ষণাৎ অনুবাদ করার সুবিধা যুক্ত করতে যাচ্ছে ভিডিও কনফারেন্সিং সেবাদাতা প্রতিষ্ঠান জুম। নতুন এ সুবিধার পাশাপাশি ভুয়া অডিও বা ভিডিও শনাক্তে নতুন এআই টুল চালু করারও ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
জুমের তথ্য অনুযায়ী, ভিডিও কলের সময় স্বয়ংক্রিয়ভাবে এক ভাষার শব্দ অন্য ভাষায় অনুবাদ করে শোনার সুবিধা খুব শিগগিরই চালু করা হবে। ফলে সহজেই ভিন্ন ভাষার মানুষের সঙ্গে কথোপকথনের সুযোগ মিলবে। একই সঙ্গে ডিপফেক বা ভুয়া অডিও ও ভিডিওগুলোও নতুন এআই টুলের মাধ্যমে চিহ্নিত করার সুযোগ চালু করা হবে। এর ফলে অনলাইনে বিভিন্ন ধরনের প্রতারণা থেকে নিরাপদ থাকা যাবে।
জুমের লাইভ ভয়েস ট্রান্সলেশন সুবিধাটি শুরুতে ৫টি ভাষা সমর্থন করবে। ভবিষ্যতে আরও নতুন ভাষা যোগ করা হবে। প্রাথমিকভাবে নতুন এই সুবিধা জুমের নির্দিষ্ট–সংখ্যক ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন।
প্রসঙ্গত, গত ডিসেম্বরে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সহকারী ‘এআই কম্পেনিয়ন ৩.০’ ওয়েব সংস্করণের জন্যও উন্মুক্ত করেছে জুম। এর ফলে জুমের এআই সহকারী কাজে লাগিয়ে জুমের বিভিন্ন সুবিধা ব্যবহার করতে পারেন কম্পিউটার ও ল্যাপটপ ব্যবহারকারীরা।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস