মহাকাশে ডেটা সেন্টার তৈরির জন্য ইলন মাস্কের স্পেসএক্সের অদ্ভুত অনুরোধ

স্পেসএক্সরয়টার্স

পৃথিবীর গণ্ডি পেরিয়ে মহাকাশে ডেটা সেন্টার তৈরির পরিকল্পনা করেছে ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ সংস্থা স্পেসএক্স। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, সৌরশক্তিচালিত কয়েক লাখ স্যাটেলাইট বা উপগ্রহের সমন্বয়ে মহাকাশে গড়ে তোলা হবে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ডেটা সেন্টার। পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশনের কাছে (এফসিসি) সর্বোচ্চ ১০ লাখ সৌরশক্তিচালিত স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমোদন চেয়ে আবেদনও করা হয়েছে।

এফসিসিতে দাখিল করা আবেদনে স্পেসএক্স জানিয়েছে, মহাকাশভিত্তিক এসব ডেটা সেন্টার সৌরশক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে এআই কম্পিউটিংয়ের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সহায়তা করবে। তাই স্যাটেলাইটগুলো ভবিষ্যতের এআইনির্ভর কম্পিউটিং অবকাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। এই প্রকল্প মানবসভ্যতার প্রযুক্তিগত অগ্রগতিতে একটি নতুন পর্যায়ের সূচনাও করতে পারে।

ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) তথ্যমতে, বর্তমানে পৃথিবীর কক্ষপথে প্রায় ১৫ হাজার স্যাটেলাইট রয়েছে। বিশেষজ্ঞদের মতে, স্যাটেলাইটের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মহাকাশে দূষণ ও ধ্বংসাবশেষের ঝুঁকিও বাড়ছে, যা ভবিষ্যতে মহাকাশ কার্যক্রমের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এ পরিস্থিতিতে আরেক প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যামাজন জানিয়েছে, উৎক্ষেপণ যানের স্বল্পতার কারণে তারা নির্ধারিত সময়ের মধ্যে ১ হাজার ৬০০টির বেশি স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করতে পারছে না। এ কারণে প্রতিষ্ঠানটি এফসিসির কাছে সময়সীমা বাড়ানোর আবেদন করেছে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়েছে, একসঙ্গে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমোদন পাওয়া বাস্তবসম্মত নয়। এ প্রস্তাব মূলত এফসিসির সঙ্গে প্রাথমিক আলোচনার জন্য দেওয়া হয়েছে। কারণ, এফসিসি স্পেসএক্সকে অতিরিক্ত ৭ হাজার ৫০০টি স্টারলিংক স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি দিলেও প্রস্তাবিত আরও ১৪ হাজার ৯৮৮টি স্যাটেলাইটের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি।

সূত্র: টেক ক্র্যান্চ