সেমিকন্ডাক্টর প্রকৌশলী গড়ে তুলতে ইউভিটিআইয়ের যাত্রা শুরু

ঢাকায় চালু হলো উল্কাসেমি ভিএলএসআই ট্রেনিং ইনস্টিটিউটছবি: ইউভিটিআই

দেশে সেমিকন্ডাক্টর ও ভিএলএসআই খাতে দক্ষ মানবসম্পদের ঘাটতি পূরণের লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে উল্কাসেমি ভিএলএসআই ট্রেনিং ইনস্টিটিউট (ইউভিটিআই)। বাংলাদেশে সেমিকন্ডাক্টর খাতে এটিই সর্ববৃহৎ প্রশিক্ষণ কেন্দ্র—এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাজধানীর নিকেতনে নিজস্ব হুমায়রা ভবনে দুটি বিশেষায়িত কোর্সের প্রায় ৫০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইউভিটিআই।

আধুনিক, শিল্পমুখী ও হাতে–কলমেভিত্তিক প্রশিক্ষণ কারিকুলামে ঢেলে সাজানো হয়েছে ইউভিটিআইয়ের প্রতিটি বিশেষায়িত বিভাগ। যেমন আরটিএল, ডিজাইন ভেরিফিকেশন, ফিজিক্যাল ডিজাইন (পিএনআর), লেআউট (ডিজিটাল ও অ্যানালগ) এবং ডিজাইন ফর টেস্টাবিলিটি (ডিএফটি)। প্রতিটি কোর্স বাস্তব কর্মপরিবেশের আদলে সাজানো হয়েছে, যাতে শিক্ষার্থীরা সরাসরি শিল্পের জন্য প্রস্তুত হতে পারে।

প্রায় ৮০ থেকে ৯০ শতাংশই ইন্ডাস্ট্রি-স্ট্যান্ডার্ড ইডিএ (ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন টুলস ব্যবহার করে হাতে-কলমে প্রশিক্ষণ দিচ্ছেন অভিজ্ঞ এই শিল্পের প্রকৌশলীরা। সাধারণত ৩ মাসের একেকটি কোর্স সপ্তাহে ৫ দিন করে পরিচালিত হবে। যেখানে মোট প্রশিক্ষণ সময় থাকবে ২৪০ ঘণ্টা যা কোর্সভেদে ৪৮০ ঘণ্টা পর্যন্ত হতে পারে।

বর্তমানে আইসি মাস্ক ডিজাইন এবং আইসি ফিজিক্যাল ডিজাইনের কোর্স চালু হয়েছে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি অ্যানালগ ডিজাইন এবং ডিজাইন ভেরিফিকেশনের মতো আরও উন্নত কোর্স চালুর পরিকল্পনা করেছে। বর্তমানে একসঙ্গে ১৫০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়ার সক্ষমতা রয়েছে ইউভিটিআইয়ের। প্রশিক্ষণ শেষে আন্তর্জাতিক মানের সনদ পাবেন শিক্ষার্থীরা।