হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে নতুন সুবিধা
হোয়াটসঅ্যাপে পরিচিত কোনো ব্যক্তি অনলাইনে আছেন কি না, তা সেই ব্যক্তির নামের নিচে ‘অনলাইন’ স্ট্যাটাস দেখে জানা যায়। তবে হোয়াটসঅ্যাপের গোপনীয়তা সেটিংস পরিবর্তন করে অনেকেই তাঁদের অনলাইন উপস্থিতি অন্যদের থেকে লুকিয়ে রাখেন। ফলে প্রয়োজনের সময় দ্রুত যোগাযোগ করা যায় না। বিষয়টি মাথায় রেখে পরিচিত কোন কোন ব্যক্তি অনলাইনে আছেন বা সম্প্রতি অনলাইনে ছিলেন, তা আলাদা করে জানার নতুন সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। সুবিধাটি চালু হলে পরিচিত ব্যক্তিদের অনলাইনে সক্রিয় থাকার অবস্থা জানতে আলাদা করে তাঁদের চ্যাটবক্সে প্রবেশ করতে হবে না।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা ওয়েবসাইট ডব্লিউআবেটাইনফো জানিয়েছে, বর্তমানে আইফোনের পরীক্ষামূলক সংস্করণে সুবিধাটির পরীক্ষা চলছে। পরীক্ষাধীন এ ব্যবস্থায় ‘কনট্যাক্টস হাব’ নামে নতুন একটি অংশ যোগ করা হচ্ছে, যা ব্যবহারকারীর মূল প্রোফাইল বিভাগের সঙ্গে সংযুক্ত থাকবে। সেখানে বর্তমানে সক্রিয় এবং সম্প্রতি অনলাইনে ছিলেন এমন ব্যক্তিদের তালিকা দেখা যাবে।
ডব্লিউআবেটাইনফোর তথ্যমতে, সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সুবিধা যোগ করার পাশাপাশি ব্যবহারকারীদের পারস্পরিক যোগাযোগ আরও কার্যকর করতে নতুন এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। তবে সুবিধাটি কবে সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি হোয়াটসঅ্যাপ। অ্যান্ড্রয়েড সংস্করণেও এটি যুক্ত হবে কি না, সেটিও নিশ্চিত নয়।
প্রসঙ্গত, ব্যবহারকারীদের হালনাগাদ প্রযুক্তির বিভিন্ন সুবিধা ব্যবহারের সুযোগ দিতে অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশন–সেবা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ নামের এ সাবস্ক্রিপশন–সেবায় বিনা মূল্যে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের তুলনায় একাধিক প্রিমিয়াম সুবিধা ব্যবহার করা যাবে।
সূত্র: নিউজ ১৮