প্রযুক্তির এই দিনে: ৯ নভেম্বর
মজিলা ফায়ারফক্সের প্রথম সংস্করণ প্রকাশিত
অনেক সময় ছোট করে এফএফ ডাকা হয়। ফায়ারফক্স—ইন্টারনেটে ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার বা ওয়েব ব্রাউজার। মজিলার তৈরি ফায়ারফক্সের প্রথম সংস্করণ প্রকাশিত হয় ২০০৪ সালের ৯ নভেম্বর।
৯ নভেম্বর ২০০৪
মজিলা ফায়ারফক্সের প্রথম সংস্করণ চালু
অনেক সময় ছোট করে এফএফ ডাকা হয়। মানে হলো ফায়ারফক্স—ইন্টারনেটে ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার বা ওয়েব ব্রাউজার। মজিলার তৈরি ফায়ারফক্সের প্রথম সংস্করণ প্রকাশিত হয় ২০০৪ সালের ৯ নভেম্বর। সেই সময়ে এটি ছিল পরবর্তী প্রজন্মের ব্রাউজার। স্থিতিশীলতা ও বিজ্ঞাপন আটকে দেওয়ার সুবিধা থাকায় এটি মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরারের বিকল্প হিসেবে দ্রুত জনপ্রিয়তা পায়। এর আরেকটি সুবিধা হলো এটি স্পাইওয়্যার ঠেকাতে পারে।
উন্মুক্ত প্রোগ্রামিং সংকেত (ওপেন সোর্স) নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা মজিলা ফাউন্ডেশনের অঙ্গপ্রতিষ্ঠান মজিলা করপোরশেন ফায়ারফক্স তৈরি করে। ২০০২ সালে ‘ফিনিক্স’ সাংকেতিক নামে ফায়ারফক্স তৈরি হয়। তখন মজিলার অ্যাপ্লিকেশন প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল এটি। বেটা সংস্করণের এই ধাপে পরীক্ষা করে পেশাদার ব্যবহারকারীরা এর গতি, নিরাপত্তা ও বাড়তি প্রোগ্রামের (অ্যাড–অনস) ক্ষেত্রে মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার–৬ ব্রাউজারের চেয়ে বেশি সুবিধা দেখতে পান। আনুষ্ঠানিক প্রকাশের পর দ্রুতই ইন্টারনেট এক্সপ্লোরারের আধিপত্য কমাতে শুরু করে ফায়ারফক্স। মাত্র ৯ মাসে ছয় কোটিবার নামানো হয় ফায়ারফক্স। এক অর্থে ফায়ারফক্স হলো প্রথম দিককার সফল ব্রাউজার নেটস্কেপ নেভিগেটরের আদর্শিক উত্তরসূরি। মজিলার উদ্যোক্তারাই ১৯৯৮ সালে নেটস্কেপ তৈরি করেছিলেন।
ফায়ারফক্স ব্যবহারের সর্বোচ্চ ৩২ দশমিক ২১ শতাংশ প্রবৃদ্ধি ছিল ২০০৯ সালের নভেম্বরে। তখন ফায়ারফক্স ৩.৫ ব্যবহারকারীর দিক থেকে ইন্টারনেট এক্সপ্লোরার ৭–কে ছাড়িয়ে যায়। এরপর গুগল ক্রোম ব্রাউজার বাজারে আসার পর ফায়ারফক্সের জনপ্রিয়তা কমতে থাকে। গত জুলাই মাসে করা স্ট্যাটকাউন্টারের পরিসংখ্যান অনুযায়ী ডেস্কটপ কম্পিউটার ফায়ারফক্সের ব্যবহার হয় ৫ দশমিক ৯৬ শতাংশ। অবস্থানের দিক থেকে এটি চতুর্থ জনপ্রিয় ব্রাউজার। এগিয়ে আছে গুগল ক্রোম (৬৩.৩২ শতাংশ), সাফারি (১৩.১৩ শতাংশ) ও মাইক্রোসফট এজ (১০.৭৫ শতাংশ)। সব অপারেটিং সিস্টেম মিলিয় গত সেপ্টেম্বর মাসের হিসাব অনুযায়ী মজিলা ফায়ারফক্সের অবস্থান এখন চতুর্থ স্থান (৩.০৪ শতাংশ)।