হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তা স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার নতুন সুবিধা আসছে
ব্যবহারকারীদের আদান-প্রদান করা ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ বার্তা নিরাপদে রাখতে সেগুলো নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার সুযোগ রয়েছে হোয়াটসঅ্যাপে। বর্তমানে স্বয়ংক্রিয়ভাবে বার্তা মুছে যাওয়ার ন্যূনতম সময়সীমা ২৪ ঘণ্টা হওয়ায় প্রাপক বার্তা পড়ার পরও সেগুলো চ্যাটবক্সে দেখা যায়। এ সমস্যা সমাধানে পাঠানো বার্তা পড়ার পরপরই স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার নতুন সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটা ইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, ‘আফটার রিডিং’ নামের সুবিধাটি চালু হলে হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তা প্রাপক পড়ার মাত্র ১৫ মিনিট পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। নির্দিষ্ট সময়সীমা শেষে বার্তা মুছে গেলে তা আর কেউ দেখতে বা পুনরুদ্ধার করতে পারবেন না। এর ফলে ব্যবহারকারীদের আদান–প্রদান করা তথ্যের গোপনীয়তা আরও জোরদার হবে।
হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ২.২৬.১২.২ তে নতুন এ সুবিধার কার্যকারিতা পরখ করা হচ্ছে। বেটা সংস্করণের তথ্যমতে, হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তা যদি প্রাপক না পড়েন, তবে সেটি ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। পরীক্ষার ধাপ সফলভাবে শেষ হলে শিগগিরই নতুন এ সুবিধা সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হতে পারে।
সূত্র: ইন্ডিয়া টুডে