১৩ বছরের কম বয়সীদের জন্য হোয়াটসঅ্যাপের নতুন উদ্যোগ

হোয়াটসঅ্যাপফাইল ছবি: রয়টার্স

শিশু ও কিশোরদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়তে থাকায় ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য অভিভাবকনিয়ন্ত্রিত নতুন ধরনের অ্যাকাউন্ট চালুর উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ। নতুন এ ব্যবস্থায় অভিভাবকেরা তাঁদের সন্তানের জন্য আলাদা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। সেখানে বার্তা আদান–প্রদান ও কল করার মতো মৌলিক সুবিধা পাওয়া গেলেও গুরুত্বপূর্ণ সব বিষয় অভিভাবকদের নিয়ন্ত্রণে থাকবে।

এক ঘোষণায় হোয়াটসঅ্যাপ জানিয়েছে, বিশ্বজুড়ে শিশু ও কিশোরদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের প্রভাব, বিশেষ করে মানসিক স্বাস্থ্যের ওপর এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে। অভিভাবকনিয়ন্ত্রিত অ্যাকাউন্ট চালুর ধারণাটি এসেছে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া থেকে। অনেক অভিভাবক এমন একটি বার্তা আদান–প্রদানের সেবা চেয়েছিলেন, যা ১৩ বছরের কম বয়সী শিশুদের জন্য উপযোগী এবং তুলনামূলকভাবে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারে।

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, অভিভাবকনিয়ন্ত্রিত নতুন এই অ্যাকাউন্টগুলোতে ডিফল্টভাবেই কঠোর নিরাপত্তা সেটিংস ও প্যারেন্টাল কন্ট্রোল–সুবিধা থাকবে। এর ফলে শিশুদের প্রথমবারের মতো মেসেজিং সেবা ব্যবহারের অভিজ্ঞতাকে আরও নিরাপদ ও নিয়ন্ত্রিত রাখা সম্ভব হবে।

অ্যাকাউন্টটি চালুর পর সেটির নিয়ন্ত্রণ মূলত অভিভাবক বা আইনগত অভিভাবকের হাতেই থাকবে। তাঁরা নির্ধারণ করতে পারবেন, কারা ওই অ্যাকাউন্টে যোগাযোগ করতে পারবে এবং ব্যবহারকারী কোন কোন গ্রুপে যুক্ত হতে পারবে। এ ছাড়া অপরিচিত নম্বর থেকে আসা বার্তার অনুরোধ যাচাই করার পাশাপাশি যোগাযোগের অনুমতি আগে থেকেই নির্ধারণ করা যাবে।
সূত্র: রয়টার্স