ব্যবসা বাড়াতে ভিডিওতে ঝুঁকছে টুইটার
টুইটারে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি ইলন মাস্কের বিভিন্ন হঠকারী সিদ্ধান্তের কারণে কয়েক মাস ধরেই বিজ্ঞাপনদাতারা খুদে ব্লগ লেখার সাইটটিতে তুলনামূলক কম বিজ্ঞাপন দিচ্ছেন। ফলে টুইটারের আয়ও আগের তুলনায় কমে গেছে। আর তাই এবার টুইটারের দায়িত্ব নিয়েই ব্যবসার পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছেন সাইটটির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রধান লিন্ডা ইয়াকারিনো। নতুন এ পরিকল্পনার আওতায় ডিজিটাল বিজ্ঞাপনের পাশাপাশি নিজেদের সাইটে ভিডিও নির্মাতাদের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করবে টুইটার। সম্প্রতি টুইটারের বিনিয়োগকারীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব তথ্য জানিয়েছেন ইলন মাস্ক ও লিন্ডা ইয়াকারিনো।
ইয়াকারিনো বিনিয়োগকারীদের জানিয়েছেন, নতুন এ উদ্যোগের আওতায় রাজনৈতিক ও বিনোদনজগতের জনপ্রিয় ব্যক্তিত্ব, আর্থিক লেনদেন সেবা ও প্রকাশকদের সঙ্গে চুক্তি করার জন্য আলোচনা শুরু করেছে টুইটার। ব্যবসায়িক পরিধি বৃদ্ধির পাশাপাশি ওয়ার্নার ব্রোস, ম্যাকডোনাল্ড, ওয়ালমার্টসহ নামী ব্র্যান্ডগুলোও আবার টুইটারে বিজ্ঞাপন দেওয়া শুরু করেছে। ফলে বেশ কয়েকটি বিভাগে বিজ্ঞাপনী আয় বেড়েছে।
ইলন মাস্ক টুইটার কেনার পর অনেক বিজ্ঞাপনী সংস্থা টুইটারে বিজ্ঞাপন না দেওয়ার পরামর্শ দিয়েছিল। বিনিয়োগকারীদের সামনে দেওয়া উপস্থাপনায় ইয়াকারিনো জানিয়েছেন, এখন সে অবস্থার পরিবর্তন হয়েছে। ফলে প্রধান বিজ্ঞাপনী সংস্থাগুলো এখন আর এ ধরনের পরামর্শ দিচ্ছে না।
উল্লেখ্য, টুইটারের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দেওয়ার আগে এনবিসি ইউনিভার্সালের বিজ্ঞাপন বিভাগের প্রধান ছিলেন লিন্ডা ইয়াকারিনো। কমকাস্ট করপোরেশনের মালিকানাধীন এনবিসি ইউনিভার্সালের বিজ্ঞাপন ব্যবসা আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
সূত্র: গ্যাজেটস৩৬০