অ্যালগরিদম কী, কেন গুরুত্বপূর্ণ

অ্যালগরিদমে নির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য এবং সেগুলো প্রক্রিয়াকরণের নিয়ম সাজানো থাকেছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্চ ইঞ্জিনে কোনো তথ্য খোঁজা, সামাজিক যোগাযোগমাধ্যমে পছন্দের পোস্ট দেখা কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে জটিল কোনো কাজ সম্পন্ন করা—প্রতিটি ক্ষেত্রেই কাজ করছে অ্যালগরিদম। আধুনিক প্রযুক্তির প্রায় সব ক্ষেত্রেই এর ব্যবহার রয়েছে। কম্পিউটার কীভাবে তথ্য বিশ্লেষণ করবে, কোন নিয়মে হিসাব করবে কিংবা কীভাবে কোনো সমস্যার সমাধান বের করবে, তা নির্ধারণ করে অ্যালগরিদম।

সহজভাবে বললে, নির্দিষ্ট কোনো কাজ সম্পন্ন করার জন্য কম্পিউটারকে ধাপে ধাপে যেসব নির্দেশনা দেওয়া হয়, সেগুলোর সমষ্টিই অ্যালগরিদম।

অ্যালগরিদমের ধারণা সহজে বোঝার জন্য রান্নার রেসিপির সঙ্গে তুলনা করা যায়। একটি রেসিপিতে যেমন কোনো খাবার তৈরির উপকরণ ও রান্নার ধাপগুলো ধারাবাহিকভাবে উল্লেখ থাকে, তেমনি অ্যালগরিদমে নির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য এবং সেগুলো প্রক্রিয়াকরণের নিয়ম সাজানো থাকে।

একটি কার্যকর অ্যালগরিদমের কয়েকটি মৌলিক বৈশিষ্ট্য রয়েছে। এর প্রতিটি নির্দেশনা হতে হবে সুনির্দিষ্ট ও দ্ব্যর্থহীন। নির্দেশনাগুলো এমন হতে হবে, যাতে কম্পিউটার সেগুলো বাস্তবে কার্যকর করতে পারে। পাশাপাশি অ্যালগরিদমের কাজের একটি নির্দিষ্ট সমাপ্তি থাকতে হবে। অর্থাৎ এটি অনির্দিষ্টকাল ধরে চলতে পারবে না। নির্দিষ্টসংখ্যক ধাপ সম্পন্ন করার পর অ্যালগরিদমকে কাঙ্ক্ষিত ফলাফল দিতে হবে অথবা কাজ বন্ধ করতে হবে।

একটি অ্যালগরিদমের কার্যপ্রক্রিয়া মূলত তিনটি ধাপে সম্পন্ন হয়। ধাপগুলো হলো ইনপুট, প্রসেসিং ও আউটপুট। প্রথমে প্রয়োজনীয় তথ্য গ্রহণ করা হয়, এরপর সেগুলো প্রক্রিয়াকরণ করা হয় এবং সবশেষে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়।

সমস্যার ধরন ও সমাধানের পদ্ধতি অনুযায়ী অ্যালগরিদমের বিভিন্ন শ্রেণি রয়েছে। কম্পিউটারবিজ্ঞানে বহুল ব্যবহৃত কয়েকটি অ্যালগরিদম হলো সর্টিং অ্যালগরিদম, সার্চ অ্যালগরিদম, রিকার্সিভ অ্যালগরিদম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং অ্যালগরিদম।

প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে অ্যালগরিদমের গুরুত্বও বাড়ছে। ই-কমার্সে পণ্য সুপারিশ, গুগল ম্যাপে পথ খোঁজা, স্বাস্থ্যসেবা, অর্থনীতি—প্রতিটি ক্ষেত্রেই পর্দার আড়ালে কাজ করছে বিভিন্ন অ্যালগরিদম।

সূত্র: এইচপি ডটকম