আইফোনের যে সুবিধা যুক্ত হতে পারে স্যামসাং স্মার্টফোনে

স্যামসাং গ্যালাক্সি এস২৬ আলট্রা ও আইফোন ১৭ প্রো (ডানে)কোলাজ ছবি: প্রথম আলো

স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের স্মার্টফোনে শিগগিরই আইফোনের একটি জনপ্রিয় সুবিধা যুক্ত হতে পারে। ‘অ্যাপ মিররিং’ নামে এ সুবিধা চালু হলে ল্যাপটপের সঙ্গে ফোন যুক্ত করেই নোটিফিকেশন দেখাসহ ফোনের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করা যাবে। সুবিধাটি ব্যবহারের জন্য নতুন কোনো যন্ত্রাংশের প্রয়োজন না হলেও ফোন ও ল্যাপটপে একই স্যামসাং অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে অ্যান্ড্রয়েড অথরিটি।

অ্যান্ড্রয়েড অথরিটির প্রতিবেদনে বলা হয়েছে, প্রযুক্তিবিষয়ক আগাম তথ্য ফাঁস করে পরিচিতি পাওয়া ফাহাদ আলী সম্প্রতি স্যামসাংয়ের হালনাগাদ ওয়ান ইউআই ৯.৫ সফটওয়্যার ইন্টারফেসের কয়েকটি স্ক্রিনশট প্রকাশ করেছেন। এসব স্ক্রিনশটে স্যামসাং গ্যালাক্সি ফোনে যুক্ত হতে যাওয়া সম্ভাব্য বেশ কিছু নতুন সুবিধার তথ্য দেখা গেছে। এর মধ্যে অ্যাপ মিররিং সুবিধা সবচেয়ে বেশি নজর কেড়েছে।

অ্যাপ মিররিং সুবিধা চালু হলে স্যামসাং গ্যালাক্সি ফোন ব্যবহারকারী ল্যাপটপেই ফোনের নোটিফিকেশন দেখার পাশাপাশি প্রয়োজনীয় বিভিন্ন কাজ করতে পারবেন। ফলে যাঁরা একই সঙ্গে ফোন ও ল্যাপটপে কাজ করেন, তাঁদের জন্য সুবিধাটি বেশ কার্যকর হবে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি স্যামসাং।

হালনাগাদ ওয়ান ইউআই ৯.৫ সফটওয়্যার ইন্টারফেসে স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের জন্য তৈরি অ্যাপের সার্চ বার সুবিধাও গ্যালাক্সি ফোনে যুক্ত করা হতে পারে। বড় পর্দার ফোনে সুবিধাটি ব্যবহার করা সহজ হলেও সাধারণ পর্দার ফোনে সার্চ বার কতটা কার্যকর হবে, তা নিয়ে সন্দেহ রয়েছে অনেকের।

সূত্র: ম্যাশেবল