অন্ধ মানুষ যেভাবে দেখে
দৃষ্টিশক্তিসম্পন্ন মানুষ হিসেবে আমাদের মনে প্রায়ই প্রশ্ন জাগে—অন্ধ মানুষ আসলে কী দেখেন। আমাদের অনেকেরই ধারণা, তারা কেবল অন্ধকার বা কালো রং দেখেন। কিন্তু বিজ্ঞান বলছে, উত্তরটি এত সহজ নয়। দেখার কাজটি মূলত চোখ নয়, মস্তিষ্ক করে থাকে। তাই একজন মানুষ কখন দৃষ্টিশক্তি হারিয়েছেন ও তার অন্ধত্বের মাত্রা কতটুকু, তার ওপর নির্ভর করে তার দেখার অনুভূতি।
যাঁরা জন্ম থেকেই অন্ধ, তাঁরা আসলে কিছুই দেখেন না। জন্মগতভাবে অন্ধ ব্যক্তিরা জানান, অন্ধ মানুষ কালো রং দেখে—এটি একটি ভুল ধারণা। কারণ, কালো রং অনুভব করার জন্য আগে কোনো রং দেখার অভিজ্ঞতা থাকতে হয়। তাদের অনুভূতি হলো সম্পূর্ণ শূন্যতা। এটি অনেকটা আপনার হাতের কনুই দিয়ে দেখার চেষ্টা করার মতো যেখানে কোনো দৃশ্যই নেই।
যাঁরা একসময় দেখতে পেতেন কিন্তু পরে দৃষ্টি হারিয়েছেন, তাঁদের অভিজ্ঞতা ভিন্ন। কেউ কেউ ঘুটঘুটে অন্ধকার দেখেন, আবার কেউ কেউ চোখের সামনে আলোর ঝলকানি বা অদ্ভুত সব কাল্পনিক আকৃতি দেখেন। একে বলা হয় চার্লস বোনেট সিনড্রোম। এটি কোনো মানসিক রোগ নয়, চোখের সংকেত না পেয়ে মস্তিষ্ক যখন নিজেই ছবি তৈরি করতে শুরু করে, তখন এমনটি ঘটে।
অনেকে বড় বস্তু বা মানুষকে আবছা দেখতে পান, কিন্তু তা অস্পষ্ট থাকে। কেউ রং চিনতে পারেন, আবার কেউ নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত স্পষ্ট দেখতে পান। যেমন ২০/৪০০ দৃষ্টিশক্তির একজন ব্যক্তি জানান, তিনি সব সময় চোখের সামনে নিয়ন রঙের বিন্দুর মতো কিছু একটা নড়াচড়া করতে দেখেন। অনেক অন্ধ মানুষ স্পষ্ট ছবি দেখতে না পেলেও বুঝতে পারেন কখন আলো জ্বলছে বা নিভেছে। একে বলা হয় লাইট পারসেপশন।
‘দৃষ্টিহীনদের রং’ শীর্ষক একটি গবেষণা পরিচালনা করেন সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব লোজানের বিজ্ঞানী ডোমিসেল জোনাউস্কাইট, অস্ট্রিয়ার ইউনিভার্সিটি অব ভিয়েনার নিনা গিয়ারলিঙ্গারসহ বেশ কয়েকজন বিজ্ঞানী। তাঁরা দেখেছেন, দৃষ্টিহীন ব্যক্তিরা রং সম্পর্কে বিস্তারিত ধারণা রাখেন। দৃষ্টিশক্তিসম্পন্ন ব্যক্তিদের মতোই জন্মগতভাবে দৃষ্টিহীন ব্যক্তিরাও মানসিকভাবে রঙের ধারণা করতে পারেন।
অনেকেই জানতে চান, অন্ধ মানুষ কি স্বপ্নে ছবি দেখেন নাকি। যুক্তরাষ্ট্রের স্লিপ ফাউন্ডেশনের গবেষণায় দেখা যায়, যাঁরা জীবনের কোনো এক পর্যায়ে অন্ধ হন, তাঁরাও দৃষ্টিশক্তিসম্পন্ন মানুষের মতোই রঙিন স্বপ্ন দেখেন ও ছবি দেখতে পান। জন্ম থেকে অন্ধ ব্যক্তিরা স্বপ্নে দেখেন না, তবে অন্যান্য ইন্দ্রিয়ের ওপর ভিত্তি করে স্বপ্ন দেখেন।
দৃষ্টিশক্তিসম্পন্ন মানুষের তুলনায় অন্ধদের দুঃস্বপ্নও বেশি হয়। স্বপ্নে কী দেখবেন, তা নির্ভর করে সেই ব্যক্তির আগের অভিজ্ঞতার ওপর। যাঁরা জন্মগত অন্ধ তাঁরা স্বপ্নে কোনো ছবি দেখেন না। তাঁদের স্বপ্ন তৈরি হয় শব্দ, স্পর্শ, ঘ্রাণ এবং আবেগের মাধ্যমে। যাঁরা আগে দেখতে পেতেন, তাঁরা স্বপ্নে ছবি দেখেন। তাঁদের স্বপ্নের স্বচ্ছতা নির্ভর করে তাঁরা কত দিন আগে দৃষ্টি হারিয়েছেন তার ওপর। কেউ পুরোনো স্মৃতি থেকে একদম স্পষ্ট ছবি দেখেন, আবার কেউ বর্তমানে যেমন ঝাপসা দেখেন তেমনই স্বপ্নে দেখেন।
সূত্র: স্লিপ ফাউন্ডেশন, সায়েন্স ডাইরেক্ট ডটকম