সৌর অগ্ন্যুৎপাতসহ মহাকাশের আবহাওয়ার আগাম তথ্য জানতে এআই মডেল তৈরি করেছে নাসা
সৌর অগ্ন্যুৎপাতসহ মহাকাশের আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য আইবিএমসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের সহযোগিতায় নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরি করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সুরিয়া হেলিওফিজিক্স ফাউন্ডেশন মডেল নামের এআই মডেলটিকে নাসার সোলার ডায়নামিক্স অবজারভেটরির (এসডিও) গত নয় বছরের সংগৃহীত তথ্যের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ফলে সৌর অগ্ন্যুৎপাত ও মহাকাশ আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার পাশাপাশি এআই মডেলটি স্যাটেলাইট, পাওয়ার গ্রিডসহ বিভিন্ন যোগাযোগব্যবস্থার জন্য হুমকিস্বরূপ বিভিন্ন ঘটনার ওপরে নজর রাখতে পারে।
প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, নাসার তৈরি এআই মডেল দুই ঘণ্টা আগেই মহাকাশের আবহাওয়ার ভিজ্যুয়াল পূর্বাভাস তৈরি করতে পারে, যা বর্তমান পদ্ধতির চেয়ে ১৬ ভাগ বেশি কার্যকর। ওপেন-সোর্সনির্ভর হওয়ায় বিশ্বব্যাপী বিজ্ঞানী, শিক্ষাবিদ ও উদ্ভাবকেরা এআই মডেলটি বিনা মূল্যে ব্যবহারের সুযোগ পাবেন বলে জানিয়েছে নাসা।
নাসার তথ্য মতে, সুরিয়া হেলিওফিজিক্স ফাউন্ডেশন মডেলটি সৌর ঝড়ের পূর্বাভাস দেওয়ার পদ্ধতি সম্পূর্ণরূপে বদলে দেবে। এ বিষয়ে নাসার প্রধান বিজ্ঞানবিষয়ক তথ্য কর্মকর্তা কেভিন মারফি বলেন, আমরা অত্যাধুনিক এআই মডেলের মাধ্যমে নাসার বৈজ্ঞানিক দক্ষতা বাড়ানোর কাজ করছি। তথ্য নির্ভর গবেষণাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই মডেলটি সৌর কার্যকলাপ কীভাবে পৃথিবীর ওপরে প্রভাব ফেলবে, তা জানতে আরও বেশি সহায়তা করবে।
নাসার হেলিওফিজিক্স বিভাগের পরিচালক জোসেফ ওয়েস্টলেক বলেন, মহাকাশবিষয়ক আবহাওয়ার পূর্বাভাস জানতে মহাকাশের পরিস্থিতি ও ঘটনার পূর্বাভাস জানা জরুরি। এসব ঘটনা পৃথিবী ও আমাদের প্রযুক্তিকে প্রভাবিত করতে পারে। আমাদের হেলিওফিজিক্স মিশনের তথ্যনির্ভর এআই মডেলটি নভোচারী, মহাকাশযান, পাওয়ার গ্রিড, জিপিএস ব্যবস্থা ও আমাদের আধুনিক বিশ্বকে শক্তি দেয় এমন আরও অনেক সিস্টেমকে রক্ষা করবে।
সূত্র: এনডিটিভি