মহাকাশে রহস্যময় সুড়ঙ্গের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা
আমাদের সৌরজগৎকে অন্যান্য নক্ষত্রের সঙ্গে সংযুক্ত করা আন্তনাক্ষত্রিক সুড়ঙ্গ আবিষ্কার করেছেন জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। সাধারণভাবে মনে করা হয়, মহাকাশ পুরোটাই শূন্য ও বৈশিষ্ট্যহীন শূন্যস্থানের মতো। তবে নতুন এ আবিষ্কারের মাধ্যমে মহাকাশের বিশাল অঞ্চলজুড়ে বিস্তৃত উত্তপ্ত সুড়ঙ্গ চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের তথ্যমতে, ২০১৯ সালে উৎক্ষেপণ করা ইরোসিটা এক্স–রে টেলিস্কোপ ব্যবহার করে মহাকাশের হাজার হাজার তথ্য সংগ্রহ করা হয়েছে। সেই তথ্য বিশ্লেষণ করে সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে। গবেষণায় দেখা গেছে, সূর্য একটি কম ঘনত্বের বুদ্বুদের মাঝখানে রয়েছে। এরপর প্রায় ৩০০ আলোকবর্ষব্যাপী বিস্তৃত অঞ্চল থেকে বিশাল আন্তনাক্ষত্রিক সুড়ঙ্গ বের হয়েছে, যার একটি চ্যানেল সেন্টোরাস নক্ষত্রমণ্ডলের দিকে প্রসারিত। অন্য চ্যানেলটি ক্যানিস মেজর নক্ষত্রমণ্ডলের সঙ্গে সংযুক্ত। এই দুই চ্যানেল বিভিন্ন নক্ষত্র তৈরির অঞ্চলের মধ্যে চলমান একটি বৃহত্তর শাখা ব্যবস্থার অংশ হতে পারে।
বিজ্ঞানীদের তথ্যমতে, ‘আমাদের সৌরজগতে গরম বুদ্বুদ নামে পরিচিত অদ্ভুত অঞ্চল রয়েছে। এই অঞ্চলে একটি সুপারনোভা কবরস্থান রয়েছে বলে মনে করা হয়, যা এক থেকে দুই কোটি বছর আগে মৃত নক্ষত্রের বিস্ফোরণের ফলে তৈরি হয়েছে। সুপারনোভায় বিস্ফোরণের ফলে যথেষ্ট চাপ তৈরি হয়। এই বিস্ফোরণ গরম প্লাজমার একটি তরঙ্গ তৈরি করে, যা এর সঙ্গে গ্যাস ও ধুলাকে ধাক্কা দেয়। তখন একটি গরম ও কম ঘনত্বের গহ্বর তৈরি হয়। এই অঞ্চল থেকেই তথ্য সংগ্রহ করা হয়েছে।’
মিল্কিওয়েকে প্রায় দুই হাজার স্বতন্ত্র অঞ্চলে বিভক্ত করেন বিজ্ঞানীরা। তাঁদের দাবি, গ্যালাকটিক উত্তর গ্যালাকটিক দক্ষিণের তুলনায় বেশ শীতল। গরম বুদ্বুদ গ্যালাকটিক ডিস্ক থেকে দূরে প্রসারিত হচ্ছে বলে এমন ভিন্নতা দেখা যায়। এ বিষয়ে ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের বিজ্ঞানী মাইকেল ফ্রেইবার্গ বলেন, ‘আমরা যা জানতাম না, তা হলো সেন্টোরাসের দিকে একটি আন্তনাক্ষত্রিক সুড়ঙ্গের অস্তিত্ব রয়েছে। শীতল আন্তনাক্ষত্রিক মাধ্যমের মধ্যে একটি ফাঁক তৈরি হয়েছে সেখানে। এ সুড়ঙ্গটি বুদ্বুদ ও পৃথিবী থেকে ১ হাজার ৫০০ আলোকবর্ষ দূরে গাম নীহারিকার মধ্যে প্রসারিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
সূত্র: ডেইলি মেইল