মানুষের বুদ্ধিমত্তা কী সত্যিই ধীরে ধীরে কমে যাচ্ছে

প্রতীকী ছবিপ্রথম আলো

মানুষের মস্তিষ্কের ক্ষমতা আর বুদ্ধিমত্তা চিরকালই এক রহস্যময় বিষয়। শতাব্দীর পর শতাব্দী ধরে জ্ঞান ও বিজ্ঞানের প্রসারে মানুষ সভ্যতার বিকাশ ঘটিয়েছে। বিজ্ঞানের অগ্রগতি মানুষকে বুদ্ধিমান করলেও সাম্প্রতিক সময়ের আধুনিক জীবনযাত্রা উল্টো প্রভাব ফেলছে কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। আমাদের জীবনযাত্রার পরিবর্তন আর প্রযুক্তির ব্যবহার কীভাবে মানুষের চিন্তাভাবনার ক্ষমতাকে বদলে দিচ্ছে, তা নতুন করে ভাবিয়ে তুলছে বিজ্ঞানীদের।

বিংশ শতাব্দীর বেশির ভাগ সময়ে জেনারেশন বা প্রজন্মভেদে বুদ্ধিমত্তা পরীক্ষার স্কোর বা আইকিউ ধারাবাহিকভাবে বৃদ্ধি পেত। এই বৃদ্ধির ধারাকে বিজ্ঞানের ভাষায় ‘ফ্লিন ইফেক্ট’ বলা হয়। তবে সম্প্রতি বেশ কিছু উন্নত দেশে এই সূচক ধীর হয়ে পড়েছে, এমনকি উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। মানুষের বুদ্ধিবৃত্তিক সক্ষমতা কমে যাওয়ার এই নতুন প্রবণতা নিয়ে এক গবেষণা প্রকাশ করা হয়েছে।

আন্তর্জাতিক বিজ্ঞানবিষয়ক সাময়িকী ইন্টেলিজেন্সে প্রকাশিত এক গবেষণায় এই বিষয়টিকে রিভার্স ফ্লিন ইফেক্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। উন্নত কিছু দেশে আইকিউ পরীক্ষার স্কোর কমে যাওয়ার পেছনে এ ধারণা কাজ করছে। তবে বিজ্ঞানীরা স্পষ্ট করেছেন, এই ফলাফলের মানে এমন নয় যে মানুষ জন্মগতভাবে কম বুদ্ধিমান হয়ে যাচ্ছে। আমাদের চারপাশে পরিবেশগত পরিবর্তন, শিক্ষাব্যবস্থার ধরন এবং আধুনিক জীবনযাত্রার পরিবর্তনের কারণে পরীক্ষায় মানুষের বুদ্ধিমত্তার ভিন্ন ফলাফল পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নরওয়ে, ডেনমার্ক ও ফিনল্যান্ডের মতো দেশে পরিচালিত সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় দেখা গেছে, তরুণ প্রজন্মের আইকিউ স্কোর এখন হয় এক জায়গায় আটকে আছে, নয়তো কমছে। বিজ্ঞানীদের মতে, বুদ্ধিমত্তা কমে যাওয়ার পেছনে কোনো একক কারণ নেই। বিভিন্ন বিষয়ের সম্মিলিত প্রভাবে এমনটি ঘটছে। সম্ভাব্য কারণগুলোর মধ্যে রয়েছে শিক্ষাব্যবস্থার পরিবর্তন, ডিজিটাল প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা, বই পড়ার অভ্যাস কমে যাওয়া, ইন্টারনেটের প্রতি মনোযোগ বেশি দেওয়া এবং সামাজিক-অর্থনৈতিক বৈষম্য। পরিবেশ দূষণ ও কিছু গোষ্ঠীর স্বাস্থ্যগত অবনতিকেও এর কারণ হিসেবে দেখা হচ্ছে। তবে গবেষকেরা জানিয়েছেন, আইকিউ পরীক্ষা দিয়ে কেবল মানুষের সমস্যা সমাধান বা স্মৃতিশক্তির মতো নির্দিষ্ট কিছু দক্ষতা মাপা যায়। এটি দিয়ে মানুষের সৃজনশীলতা, আবেগপ্রবণ বুদ্ধিমত্তা বা ব্যবহারিক জ্ঞান পরিমাপ করা যায় না।
সব দেশেই যে এমন পতন ঘটছে, তা নয়। অনেক দেশে এখনো আগের মতোই স্থির বা উন্নত ফল দেখা যাচ্ছে। এর থেকে বোঝা যায়, রাষ্ট্রীয় নীতি, শিক্ষার মান ও উন্নত জীবনযাত্রার ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এ পরিস্থিতির উন্নয়নে সুষম শিক্ষাব্যবস্থা, শৈশবের সঠিক বিকাশ এবং সামাজিক বৈষম্য কমানোর পরামর্শ দিয়েছেন গবেষকেরা।
সূত্র: এনডিটিভি
https://www.ndtv.com/science/are-people-becoming-less-intelligent-study-explores-the-reverse-flynn-effect-11872387