সূর্যের আলো থেকে জ্বালানি তৈরির ব্যাটারিবিহীন যন্ত্র তৈরি করেছেন বিজ্ঞানীরা
কৃত্রিম সালোকসংশ্লেষণ প্রযুক্তি কাজে লাগিয়ে জ্বালানি তৈরিতে যুগান্তকারী সাফল্য অর্জন করেছেন জাপানের ওসাকা মেট্রোপলিটন ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী। তাঁরা এমন একটি ব্যাটারিবিহীন কৃত্রিম সালোকসংশ্লেষণ যন্ত্র তৈরি করেছেন, যা সূর্যের আলো, পানি ও কার্বন ডাই–অক্সাইডকে খুব সহজে ও কম খরচে ব্যবহারযোগ্য জ্বালানিতে রূপান্তর করতে পারে।
উদ্ভিদ যেভাবে সূর্যের আলো, পানি ও কার্বন ডাই–অক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য ও শক্তি তৈরি করে, ঠিক একই পদ্ধতিতে গবেষণাগারে ব্যবহারযোগ্য জ্বালানি তৈরি করার প্রক্রিয়াকেই বলা হয় কৃত্রিম সালোকসংশ্লেষণ। প্রাকৃতিক সালোকসংশ্লেষণের মতোই কৃত্রিম সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যালোকের শক্তিকে কাজে লাগিয়ে পানি ও কার্বন ডাই–অক্সাইডের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়। এর ফলে উচ্চ শক্তিসম্পন্ন রাসায়নিক যৌগ তৈরি হয়, যার মধ্যে অন্যতম হলো ফরমিক অ্যাসিড। এই ফরমিক অ্যাসিড কেবল একটি কার্যকর জ্বালানিই নয়; বরং এটি ভবিষ্যতের জন্য শক্তি সঞ্চয় করে রাখার একটি অত্যন্ত নিরাপদ মাধ্যম হিসেবেও কাজ করে। এই পুরো প্রক্রিয়াটির কেন্দ্রবিন্দুতে থাকে একটি ইলেকট্রোলাইজার। এটি সৌরকোষ বা সোলার সেল থেকে উৎপন্ন বিদ্যুৎকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এবং তা ফরমিক অ্যাসিডের মতো জ্বালানি আকারে জমা রাখে।
এত দিন এই প্রযুক্তির বাণিজ্যিক ও ব্যাপক ব্যবহারের পথে একটি বড় অন্তরায় ছিল সূর্যের আলোর পরিবর্তনশীলতা। সারা দিনে সূর্যের আলোর তীব্রতা বাড়ে–কমে, মেঘলা আকাশ বা বিকেলের পড়ন্ত রোদে সৌরকোষ থেকে সমানভাবে বিদ্যুৎ পাওয়া যায় না। এই সমস্যা সমাধানে প্রচলিত প্রযুক্তিতে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং বা এমপিপিটি নামের একটি পদ্ধতি ব্যবহার করা হয়, যা ভোল্টেজ ও কারেন্ট নিয়ন্ত্রণে সর্বোচ্চ শক্তি উৎপাদনের চেষ্টা করে। কিন্তু এমপিপিটি ব্যবস্থায় শক্তির প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যয়বহুল ব্যাটারি ও জটিল সব ইলেকট্রনিক যন্ত্রাংশের প্রয়োজন হয়। ফলে পুরো সিস্টেমটির খরচ যেমন বেড়ে যেত, তেমনি এর রক্ষণাবেক্ষণও বেশ জটিল।
এই সমস্যার চমৎকার সমাধান করেছেন ওসাকা মেট্রোপলিটন ইউনিভার্সিটির রিসার্চ সেন্টার ফর আর্টিফিশিয়াল ফটোসিন্থেসিসের বিজ্ঞানী ইয়াসুও মাতসুবারা এবং ইউতাকা আমাওর নেতৃত্বাধীন বিজ্ঞানীরা। তাঁরা প্রচলিত ইলেকট্রোলাইজারের নকশাই পুরোপুরি বদলে দিয়েছেন। নতুন এই প্রযুক্তিতে কোনো বাহ্যিক ব্যাটারি বা জটিল কনভার্টারের বদলে ইলেকট্রোলাইজারের ভেতরেই একটি বিশেষ ধরনের সলিড ইলেকট্রোলাইট সংযুক্ত করা হয়েছে। এর ফলে ব্যাটারিবিহীন যন্ত্রটি নিজে থেকেই স্বয়ংক্রিয়ভাবে এমপিপিটির কাজ করতে পারে। সূর্যের আলোর তীব্রতা কম–বেশি হলে যন্ত্রটি তার নিজস্ব তাপীয় ও বৈদ্যুতিক বৈশিষ্ট্য পরিবর্তন করে নিজেকে মানিয়ে নেয়।
যন্ত্রটি কীভাবে কাজ করে, তা ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞানী ইউতাকা আমাও জানান, যখন সূর্যের আলো বাড়ে, তখন ইলেকট্রোলাইজারটি প্রাকৃতিকভাবেই কিছুটা গরম হয়ে ওঠে। যন্ত্রটি এমনভাবে তৈরি করা হয়েছে যে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে এর বৈদ্যুতিক রোধ বা রেজিস্ট্যান্স কমে যায়। ফলে এর ভেতর দিয়ে বিদ্যুৎ আরও অবাধে প্রবাহিত হতে পারে। আবার আলো কমে গেলে বিপরীত প্রক্রিয়ায় এটি নিজেকে সামঞ্জস্য করে নেয়। এর ফলে কোনো ব্যাটারি বা ব্যয়বহুল বাহ্যিক যন্ত্রাংশ ছাড়াই সারা দিন ধরে অত্যন্ত স্থিতিশীলভাবে জ্বালানি উৎপাদন অব্যাহত থাকে।
বিজ্ঞানী মাতসুবারা জানিয়েছেন, ভবিষ্যতে এই প্রযুক্তি ব্যবহার করে সাধারণ মানুষের বাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতি চার্জ দেওয়া বা বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। বিশেষ করে যেসব প্রত্যন্ত অঞ্চলে জাতীয় বিদ্যুৎ গ্রিড পৌঁছায়নি, সেখানে এটি অফ–গ্রিড শক্তির এক নির্ভরযোগ্য উৎস হয়ে উঠতে পারে।
গবেষণাগারের কৃত্রিম আলোর পাশাপাশি সূর্যের আলোর নিচেও নতুন যন্ত্রটির কার্যকারিতা পরখ করেছেন বিজ্ঞানীরা। দেখা গেছে, সারা দিনে সূর্যের আলোর ওঠানামা সত্ত্বেও যন্ত্রটি কোনো বাধা ছাড়াই পানি ও কার্বন ডাই–অক্সাইড থেকে নিরবচ্ছিন্নভাবে ফরমিক অ্যাসিড উৎপাদন করে গেছে। আর তাই এই প্রযুক্তির বাস্তব প্রয়োগের সম্ভাবনা নিয়ে দারুণ আশাবাদী বিজ্ঞানীরা।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই উদ্ভাবনের ফলে ব্যাটারি ও জটিল ইলেকট্রনিক সার্কিট বাদ পড়ায় কৃত্রিম সালোকসংশ্লেষণ যন্ত্র তৈরির খরচ কমে আসবে। ফলে এটি সাধারণ মানুষের নাগালের মধ্যে পৌঁছানো সহজ হবে। যন্ত্রটি বায়ুমণ্ডল থেকে ক্ষতিকর কার্বন ডাই–অক্সাইড শোষণ করে সেটিকে ব্যবহারযোগ্য জ্বালানিতে রূপান্তর করে। এটি একদিকে যেমন জ্বালানির সংকট মেটাবে, অন্যদিকে বৈশ্বিক উষ্ণতা কমাতেও ভূমিকা রাখবে।
সূত্র: সায়েন্স ডেইলি