মহাকাশে রহস্যজনকভাবে যুক্তরাষ্ট্রের গুপ্তচর স্যাটেলাইটে বিস্ফোরণ, কারণ এখনো অজানা

স্যাটেলাইটফাইল ছবি: রয়টার্স

মহাকাশে যুক্তরাষ্ট্রের একটি পুরোনো গুপ্তচর স্যাটেলাইট হঠাৎ রহস্যজনকভাবে বিস্ফোরিত হয়েছে। এ ঘটনার ফলে পৃথিবীর কক্ষপথে থাকা অন্য গুরুত্বপূর্ণ যোগাযোগ ও ইন্টারনেট স্যাটেলাইটগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, গত ১৩ সেপ্টেম্বর লো আর্থ অরবিট বা নিম্ন পৃথিবীর কক্ষপথে থাকা ইউএসএ ৩২ নামের স্যাটেলাইটটি হঠাৎ বিস্ফোরিত হয়ে ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। ঠান্ডা যুদ্ধের সময় ফারাহ থ্রি কোড নামে পরিচিত এই স্যাটেলাইট ১৯৮৮ সালে মহাশূন্যে পাঠানো হয়েছিল।

প্রায় ৩৮ বছর মহাকাশে থাকা মেয়াদোত্তীর্ণ স্যাটেলাইটটিতে হঠাৎ বিস্ফোরণের সঠিক কারণ উদ্‌ঘাটনের জন্য তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে মহাকাশবিজ্ঞানী টনি ফিলিপসের পরিচালনাধীন স্পেসওয়েদার ডট কম জানিয়েছে, স্যাটেলাইটটির ভেতরের কোনো চাপযুক্ত ট্যাংক বা ব্যাটারি ফেটে গিয়ে এই বিস্ফোরণ ঘটতে পারে।

স্যাটেলাইটটি একটি ব্যস্ত কক্ষপথে অবস্থান করছিল, ফলে সেখানে থাকা মহাকাশ বর্জ্য বা কোনো উল্কাপিণ্ডের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই আশঙ্কা সত্যি হলে মহাকাশে থাকা টেলিযোগাযোগ, ইন্টারনেট সেবা, জিপিএস নেভিগেশন, আবহাওয়া পূর্বাভাস এবং সামরিক যোগাযোগ রক্ষা করা স্যাটেলাইটগুলো মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।

এ বিষয়ে বিজ্ঞানী টনি ফিলিপস জানিয়েছেন, ওই নির্দিষ্ট উচ্চতার চারপাশে আইরিস নেক্সট কনস্টেলেশনের সক্রিয় স্যাটেলাইটসহ দুই শতাধিক স্যাটেলাইট খুব কাছাকাছি অবস্থান করছে। যদি মহাকাশ বর্জ্যের কারণে এই বিস্ফোরণ ঘটে থাকে, তবে তা কক্ষপথের বাকি স্যাটেলাইটগুলোর জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে।

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, এই গুপ্তচর স্যাটেলাইট কোনো অ্যান্টিস্যাটেলাইট অস্ত্রের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। এর আগে ২০২১ সালে রুশ সামরিক বাহিনী একটি পুরোনো সোভিয়েত স্যাটেলাইটকে সফলভাবে ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করেছিল, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল।

সূত্র: ডেইলি মেইল