পদার্থবিজ্ঞানের মৌলিক ও তাত্ত্বিক বিষয় জানাতে কর্মশালা

কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থী ও গবেষকেরাসংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস্তব জীবনে অনেকেই গিটার বা বেহালা বাজান। বাজানোর সময় তারের টান বা আঘাতের ওপরে নির্ভর করে কোনো শব্দ উৎপন্ন হবে। একইভাবে পদার্থবিজ্ঞানের দুনিয়ায় স্ট্রিং তত্ত্ব বলছে, ক্ষুদ্র স্ট্রিংয়ের কম্পন কণার বৈশিষ্ট্য যেমন ভর ও চার্জ নির্ধারণ করে দেয়। বিভিন্ন কম্পন যেমন বিভিন্ন বাদ্যযন্ত্রের নোট তৈরি করে, তেমনি বিভিন্ন স্ট্রিং কম্পন বিভিন্ন মৌলিক কণা তৈরি করে। পদার্থবিজ্ঞানের এমন সব মৌলিক ও তাত্ত্বিক বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ১৯ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ‘জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল উইন্টার স্কুল’ শীর্ষক এক কর্মশালা। কর্মশালায় তাত্ত্বিক পদার্থবিদ্যা, গাণিতিক পদার্থবিজ্ঞান, স্ট্রিং তত্ত্বসহ বিভিন্ন বিষয়ে বক্তৃতা করা হয়।

২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সাভারের ব্র্যাক ইউনিভার্সিটি রেসিডেনসিয়াল ক্যাম্পাসে হবে মূল কর্মশালা। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ডেটা অ্যান্ড সায়েন্সেস, ইউনেসকোর ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরেটিক্যাল ফিজিকসের (আইসিটিপি) আউটরিচ প্রোগ্রাম ফিজিকস ফর বাংলাদেশ যৌথভাবে জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল উইন্টার স্কুল কর্মশালার আয়োজন করছে।

বাংলাদেশের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী, গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম ২০১৩ সালে মৃত্যুবরণ করেন। মহাবিশ্বের উদ্ভব ও পরিণতি নিয়ে বেশ কয়েকটি আলোচিত মৌলিক গবেষণা রয়েছে জামাল নজরুল ইসলামের। তাঁর গবেষণার তথ্য নতুন প্রজন্মের শিক্ষার্থী ও গবেষকদের জানানোর পাশাপাশি পদার্থবিজ্ঞানের মৌলিক ও তাত্ত্বিক বিষয়ে জানাতে প্রথমবারের মতো জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল উইন্টার স্কুল কর্মশালা আয়োজন করা হয়।

কর্মশালায় কোয়ান্টাম ফিল্ড থিওরি নিয়ে বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সাদমান সালাম। তিনি জানান, ‘বাংলাদেশে মৌলিক বিজ্ঞান বিকাশের ক্ষেত্রে এ ধরনের কর্মশালা আরও বেশি আয়োজন করা দরকার। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তাদের প্রশ্ন শুনে আমি খুব আনন্দিত। আমাদের দেশে বিজ্ঞানের ভবিষ্যত নিয়ে আমি আশাবাদী।’

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ডেটা অ্যান্ড সায়েন্সের ডিন অধ্যাপক মাহবুব মজুমদার বলেন, ‘প্রায় ২০ বছরের ঐকান্তিক প্রচেষ্টার ফল এই আয়োজন। এই কর্মশালার উদ্দেশ্য আমাদের দেশের শিক্ষার্থীদের ব্ল্যাকহোল, কসমোলজি ও গাণিতিক পদার্থবিজ্ঞানে গবেষণার দুয়ার খুলে দেওয়া।’

ফিজিকস ফর বাংলাদেশের সংগঠক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আহমেদ রাকিন কামাল বলেন, ‘গত বছর আমরা একটি অনলাইন কোর্সের মাধ্যমে ফিজিকস ফর বাংলাদেশ কার্যক্রমের সূচনা করি, যেখানে ১৩০ শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় আয়োজন করা হয়েছে জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল উইন্টার স্কুল কর্মশালা। উন্নয়নশীল দেশ হিসেবে বিজ্ঞানের অগ্রযাত্রায় আমরা যেন পিছিয়ে না থাকি, সে জন্য এই কর্মশালার আয়োজন করা হয়েছে।’  

কর্মশালার মূল বক্তব্য পর্বে কসমোলজি বা মহাবিশ্বতত্ত্ব ও স্ট্রিং তত্ত্ব নিয়ে আলোচনা করবেন যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ও সংযুক্ত আরব আমিরাতের নিউইয়র্ক ইউনিভার্সিটি আবুধাবির অধ্যাপক ফার্নান্দো কুইভেদো। ব্ল্যাকহোল ও ইনফরমেশন প্যারাডক্স নিয়ে আলোচনা করবেন ভারতের ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরেটিক্যাল সায়েন্সেস বা আইসিটিএসের অধ্যাপক সুব্রত রাজু। একই গবেষণাগারের তাত্ত্বিক পদার্থবিদ্যার অধ্যাপক অশোক সেন আলোচনা করবেন ব্ল্যাকহোল ও স্ট্রিং থিওরি নিয়ে।