মহাকাশে নিজেদের তৈরি সবচেয়ে শক্তিশালী রকেট পাঠাল ইউরোপ
নিজেদের তৈরি সবচেয়ে শক্তিশালী রকেট উৎক্ষেপণ করে মহাকাশ অভিযানে নতুন চমক দেখিয়েছে ইউরোপ। অ্যারিয়ান ৬৪ রকেটটি মূলত অ্যারিয়ান ৬ সিরিজের সবচেয়ে শক্তিশালী সংস্করণ। ৬২ মিটার উচ্চতার এই রকেটে চারটি বুস্টার ব্যবহার করা হয়েছে, যা পূর্ববর্তী সংস্করণ অ্যারিয়ান ৬২ রকেটের দ্বিগুণ ক্ষমতাসম্পন্ন। প্রকৌশলীদের তথ্য মতে, মালামাল বহনে সক্ষম রকেটটি দ্রুতগতিতে মহাকাশে পৌঁছাতে পারে।
দীর্ঘদিন ধরে মহাকাশ গবেষণায় অন্যের ওপর নির্ভরশীল হলেও, অ্যারিয়ান ৬৪ রকেটের মাধ্যমে ইউরোপ নিজেদের সক্ষমতার জানান দিয়েছে। বিশেষ করে ইলন মাস্কের স্পেসএক্সের মতো প্রতিষ্ঠানকে টেক্কা দিতে অ্যারিয়ান ৬৪ এখন ইউরোপের প্রধান হাতিয়ার। আর তাই আপাতদৃষ্টে সাধারণ মনে হলেও রকেটটির উৎক্ষেপণকে ইউরোপের বড় ধরনের সফলতা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
অ্যারিয়ান ৬৪ রকেট তৈরি ও পরিচালনার পেছনে ইউরোপের বিভিন্ন দেশের অবদান রয়েছে। এই রকেটের বিভিন্ন অংশ জার্মানিতে তৈরি হলেও মূল অংশ তৈরি করেছে ফ্রান্স। এমনকি ফ্রান্সের ভার্নন সাইটে রকেটটির শক্তিশালী ইঞ্জিনগুলোর পরীক্ষাও করা হয়েছে।
বর্তমানে মহাকাশ অভিযানে আধিপত্য বিস্তার করেছে ইলন মাস্কের মহাকাশ প্রতিষ্ঠান স্পেসএক্স। তাদের পুনরায় ব্যবহারযোগ্য রকেটের বিপরীতে অ্যারিয়ান ৬৪ রকেট ব্যবহার করা একটি বড় চ্যালেঞ্জ। যদিও অ্যারিয়ান ৬৪ এখনো পুরোপুরি পুনরায় ব্যবহারযোগ্য নয়, তবে এটি উৎক্ষেপণের খরচ অর্ধেকে নামিয়ে আনতে সক্ষম বলে দাবি করছে অ্যারিয়ান গ্রুপ। ভবিষ্যতে রকেটের কিছু অংশ পুনরায় ব্যবহারের প্রযুক্তি নিয়েও কাজ শুরু করেছেন ইউরোপের বিজ্ঞানীরা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া