মৌমাছি রক্ষায় অভিনেতা মরগান ফ্রিম্যানের অনন্য উদ্যোগ

মরগান ফ্রিম্যানেফাইল ছবি: রয়টার্স

হলিউড তারকা মরগান ফ্রিম্যান অভিনয়ের পাশাপাশি নানা পরিচয়ের জন্য বেশ আলোচিত ব্যক্তি। বিজ্ঞান ও প্রকৃতি নিয়ে একাধিক প্রামাণ্যচিত্রে কণ্ঠ দেওয়ার পাশাপাশি দীর্ঘদিন থেকে প্রকৃতি সংরক্ষণেও কাজ করছেন অস্কারজয়ী এই মার্কিন অভিনেতা। ব্যক্তিগতভাবেও মৌমাছি রক্ষায় অভিনব এক উদ্যোগ নিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে নিজের মালিকানাধীন ১২৪ একরের বিশাল খামারকে মৌমাছিদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলেছেন মরগান ফ্রিম্যান।

বিশ্বব্যাপী পরাগায়নকারী পতঙ্গের সংখ্যা আশঙ্কাজনক হারে কমছে। আর তাই মৌমাছির সংখ্যা কমে যাওয়ার কারণে পরিবেশের ওপর বড় ধরনের হুমকি তৈরি হচ্ছে, যা ভাবিয়ে তুলে ফ্রিম্যানকে। সেই চিন্তা থেকেই ২০১৪ সালে তিনি আরকানস থেকে ২৬টি মৌমাছির বাক্স আমদানি করেন। এরপর তিনি নিজের খামারজুড়ে মৌমাছিবান্ধব বিভিন্ন গাছপালা রোপণ করতে শুরু করেন। এর মধ্যে ল্যাভেন্ডার, ক্লোভার ও ম্যাগনোলিয়া গাছ অন্যতম।

বিজ্ঞানীরা মৌমাছি বিলুপ্তির পেছনে বেশ কিছু বড় কারণ চিহ্নিত করেছেন। এর মধ্যে রয়েছে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার, প্রাকৃতিক বাসস্থান ধ্বংস, বিভিন্ন রোগবালাই ও ভারোয়া মাইটস নামক পরজীবী। জলবায়ু পরিবর্তনের কারণে তৈরি হওয়া পরিবেশগত চাপও এর জন্য দায়ী। ফ্রিম্যানের এই প্রচেষ্টা মূলত বিভিন্ন প্রজাতির মৌমাছিগুলোকে বিলুপ্তি হওয়া থেকে রক্ষা করছে।

নিজের বিশাল খামারে থাকা মৌচাকগুলো থেকে কোনো মধু সংগ্রহ করেন না ফ্রিম্যান। খামারের প্রাকৃতিক পরিবেশেই বেড়ে উঠছে মৌমাছিগুলো। ফলে খামারটি এখন মৌমাছির নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে উঠেছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া