কাজ করছে বিশ্বের প্রথম সোলার অ্যাম্বুলেন্স

স্টেলা জুভা অ্যাম্বুলেন্স থামা অবস্থায় এর প্রসারণযোগ্য সোলার প্যানেলগুলো মেলে ধরে অতিরিক্ত চার্জিংয়ের ব্যবস্থা করা যায়ছবি: এসটিই

স্টেলা জুভা একটি অ্যাম্বুলেন্সের নাম। এর ছাদের ওপর সৌরবিদ্যুতের (সোলার) প্যানেল রয়েছে, যা গাড়ি চলার সময় বাহনটিকে চার্জ করে। এ ছাড়া এর সঙ্গে প্রসারণযোগ্য সোলার প্যানেল রয়েছে। গাড়ি থামানো অবস্থায় অতিরিক্ত চার্জিং সুবিধা পাওয়ার জন্য মেলে দেওয়া যায়।

আফ্রিকার তিন ভাগের এক ভাগ মানুষ স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে দুই ঘণ্টার বেশি দূরে বসবাস করে। তা ছাড়া এই মহাদেশজুড়ে চিকিৎসাকেন্দ্রগুলোতে বিদ্যুৎ–সংযোগ একটি বড় সমস্যা। এতে প্রদান করা সেবার পরিধি সীমিত হয়। সেই সমস্যা সমাধান করছে স্টেলা জুভা।

নেদারল্যান্ডসের একদল শিক্ষার্থী আশা করছে স্টেলা জুভা নামের যানটি এমন মানুষদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সাহায্য করবে, যাঁরা সেবা পেতে হিমশিম খাচ্ছেন। সৌরশক্তিচালিত এই অ্যাম্বুলেন্সটিতে এক্স-রে মেশিন, আলট্রাসাউন্ড, ভ্যাকসিন ঠান্ডা রাখার জন্য একটি ফ্রিজসহ বিভিন্ন চিকিৎসাসামগ্রী রয়েছে। এর ছাদের ওপর সোলার প্যানেল থাকায় এটি চলার সময় চার্জ হতে পারে। গাড়িটি না চললে এর প্রসারণযোগ্য সোলার প্যানেলগুলো মেলে ধরে অতিরিক্ত চার্জিংয়ের ব্যবস্থা করা যায়।

আইন্দহোভেন ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং অন্য দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৩ জন শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত দল সোলার টিম আইন্দহোভেন। তারা জানায়, স্টেলা জুভা হলো বিশ্বের প্রথম সোলার অ্যাম্বুলেন্স। বাস্তবক্ষেত্রে এটি অ্যাম্বুলেন্সের চেয়ে একটি ভ্রাম্যমাণ স্বাস্থ্যকেন্দ্র বা মোবাইল হেলথ ক্লিনিকের মতো কাজ করে। রোগীদের এদিক-সেদিক বয়ে বেড়ানোর পরিবর্তে এটি চিকিৎসাসামগ্রী এবং তা পরিচালনার শক্তি এমন সব জায়গায় পৌঁছে দেয়, যেখানে এই সুবিধাগুলো নেই।

আইন্দহোভেনের শিক্ষার্থীরা কেনিয়ায় স্টেলা জুভা অ্যাম্বুলেন্সের সঙ্গে
ছবি: এসটিই

চলতি মাসে শিক্ষার্থীরা কেনিয়ার বেসরকারি সংস্থা আম্রেফ হেলথ আফ্রিকার সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কেনিয়াতে গাড়িটির পরীক্ষা চালিয়েছেন। তাঁরা দেখতে চেয়েছেন এটি দুর্গম ভূখণ্ডের মধ্য দিয়ে দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে কি না এবং দূরবর্তী কমিউনিটিগুলোতে পৌঁছানোর পর অনবোর্ড বা ভেতরের চিকিৎসাসামগ্রীগুলো চালাতে সক্ষম কি না। তাঁরা দেখতে পান, গাড়িটি থামানো থাকা অবস্থায় এর ভেতরের সব চিকিৎসাসামগ্রী একসঙ্গে ব্যবহার করার পরও এটি খরচের চেয়ে বেশি শক্তি উৎপন্ন করেছে। ঐতিহ্যবাহী জ্বালানি বা চার্জিং অবকাঠামোর ওপর নির্ভর না করেই গাড়িটি স্বাধীনভাবে চলতে পারে।

সোলার টিম আইন্দহোভেন ও আম্রেফ হেলথ আফ্রিকার তথ্য অনুযায়ী, প্রকৃত কোনো রোগীর ওপর এই সরঞ্জামগুলো ব্যবহার করা হয়নি, তবে দুই দিনে প্রায় ২০০ মানুষকে চিকিৎসা দেওয়া সম্ভব হতো। সব মিলিয়ে শিক্ষার্থীরা কেনিয়ার এপ্রান্ত থেকে ওপ্রান্তে স্টেলা জুভার সাহায্যে ৮০০ কিলোমিটারের বেশি (প্রায় ৫০০ মাইল) পথ পাড়ি দিয়েছেন। এর মধ্যে দক্ষিণ-পশ্চিম কেনিয়ার নারোক অঞ্চলের মোসিরো এলাকার বিদ্যুৎহীন একটি স্বাস্থ্য ক্লিনিকে ভ্রমণও অন্তর্ভুক্ত ছিল। এর জন্য গর্তে ভরা ধুলোময় কাঁচা রাস্তায় কয়েক ঘণ্টা ধরে পথ চলতে হয়েছিল। সোলার টিম আইন্দহোভেনের সদস্য এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ২২ বছর বয়সী শিক্ষার্থী ইসাবেলা ওয়ানিংজেন বলেন, ‘আমরা সবাই অত্যন্ত ইতিবাচকভাবে বিস্মিত হয়েছি। স্টেলা জুভা আমাদের প্রত্যাশার চেয়েও অনেক ভালো প্রতিক্রিয়া দেখিয়েছে।’

আম্রেফ হেলথ আফ্রিকার প্রোগ্রাম ম্যানেজার জন কুটনা বলেন, মোসিরোর মতো এলাকার ক্লিনিকগুলোতে বিদ্যুতের অভাব গর্ভবতী মায়েদের মতো মানুষদের প্রভাবিত করে, যাঁদের আলট্রাসাউন্ডের মতো সেবা পাওয়ার সহজ সুযোগ নেই। এমন স্থানগুলোতে সোলার অ্যাম্বুলেন্সটি বেশ উপযোগী হবে।

২০১৩ সাল থেকে সোলার টিম আইন্দহোভেন টেকসই গাড়ি তৈরির এক বছরব্যাপী উদ্ভাবনী প্রকল্পে একসঙ্গে কাজ করার জন্য শিক্ষার্থীদের একত্র করে আসছে। এর মধ্যে সৌরশক্তিচালিত ক্যাম্পারভ্যান স্টেলা ভিটা এবং বিশ্বের প্রথম অফ-রোড সৌরশক্তিচালিত যান স্টেলা টেরাও অন্তর্ভুক্ত রয়েছে। কিছু প্রকল্প বাণিজ্যিকভাবে সাফল্য পেয়েছে। সোলার টিম আইন্দহোভেনের পাঁচজন প্রাক্তন প্রতিষ্ঠিত স্টার্টআপ লাইটইয়ার জাপানি গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান নিসানের সঙ্গে মিলে উন্নত সোলার চার্জিং প্রযুক্তিসম্পন্ন একটি বৈদ্যুতিক গাড়ির ডেমো উন্মোচন করেছেন।

টেকসই শক্তি প্রযুক্তির অধ্যয়নরত ২৩ বছর বয়সী দলীয় সদস্য ইয়ার্নো বাস্টেন বলেন, ‘আমরা সমাজ ও শিল্প খাতকে স্টেলা জুভার মতো উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করে কিছু সামাজিক সমস্যার মোকাবিলা করতে অনুপ্রাণিত করতে আশা করি।’

আম্রেফ হেলথ আফ্রিকার পরিবার ও প্রজননস্বাস্থ্য বিশেষজ্ঞ কেনেডি ওয়াকোলি বলেন, দূরবর্তী অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রাপ্তি উন্নত করার জন্য সূর্যের শক্তিকে কাজে লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ, সৌরশক্তি সর্বত্র বিদ্যমান। স্টেলা জুভা এটি বাস্তবায়নের ক্ষেত্রে একটি অনুঘটক হিসেবে কাজ করতে পারে।

সূত্র: সিএনএন