কর্মশালায় মহাকাশ সম্পর্কে জানল শিশুরা

নাসা জুনিয়র পাইলট প্রোগ্রামে অংশ নেওয়া শিক্ষার্থীরাসংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু-কিশোরদের মহাকাশবিজ্ঞান সম্পর্কে জানানোর পাশাপাশি প্রযুক্তি বিষয়ে আগ্রহী করে তুলতে আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ‘নাসা জুনিয়র পাইলট প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। ৪ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১০০ শিক্ষার্থী এ কর্মশালায় অংশ নেয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ইনোভেশন ফোরাম ও স্পেস ইনোভেশন ক্যাম্প। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ইনোভেশন ফোরাম।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক লাফিফা জামাল বলেন, ‘আমাদের শিশুরা অনেক মেধাবী। শিশুকাল থেকে সঠিক দিকনির্দেশনা দেওয়া হলে তাদের মধ্য থেকেই ভবিষ্যৎ বিজ্ঞানী তৈরি হবে।’

স্পেস ইনোভেশন ক্যাম্পের ক্রু চিফ আরিফুল হাসান বলেন, সারা দেশের শিশু-কিশোরদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করতে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন করা হবে।

শিশু-কিশোরদের মহাকাশবিজ্ঞান সম্পর্কে জানানোর পাশাপাশি ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ’ হ্যাকাথন প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশের ‘টিম ডায়মন্ডস’ দলের সদস্যদের সংবর্ধনাও দিয়েছে বাংলাদেশ ইনোভেশন ফোরাম ও স্পেস ইনোভেশন ক্যাম্প। দলটি গত বছর যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত প্রতিযোগিতায় মোস্ট ইনস্পিরেশন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে।