চীনে বিজ্ঞানীদের ছবি শোভা পাচ্ছে বিলবোর্ডে, কেন...
তারকা মানেই পর্দা বা গ্ল্যামার দুনিয়ার চেনা মুখ। কিন্তু সমাজ গঠনে যাঁদের অবদান সবচেয়ে বেশি, তাঁরা থাকেন পর্দার আড়ালে। তবে চীনের শহরগুলোতে এই প্রথা বদলে গেছে। দেশটির বিভিন্ন শহরের ব্যস্ততম স্কোয়ার বা মেট্রোস্টেশনের বড় বিলবোর্ডে তারকাদের বদলে শোভা পাচ্ছে শীর্ষ বিজ্ঞানীদের ছবি। এসব বিলবোর্ডে চীনের মিসাইল ও মহাকাশ কর্মসূচির জনক চিয়ান শুয়েসেন, পরমাণু ভৌতবিজ্ঞানী তেং চিয়াক্সিয়ান, কৃষিবিজ্ঞানী ইউয়ান লংপিংসহ বিভিন্ন বিজ্ঞানীদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে। চীনের মহাকাশ স্টেশনের নভোচারীদের ছবিও রয়েছে অনেক বিলবোর্ডে।
চীনের বিভিন্ন বিলবোর্ডে গবেষক ও বিজ্ঞানীদের ছবি প্রদর্শনের পেছনে লুকিয়ে রয়েছে দেশটির গভীর সামাজিক মূল্যবোধ। জ্ঞানার্জন ও বিজ্ঞান সাধনা সর্বোচ্চ সম্মান পাওয়ার যোগ্য এবং মাতৃভূমির সেবায় কাজ করা মানুষগুলোই দেশের প্রকৃত তারকা বলে মনে করা হয় দেশটিতে। আর তাই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে চীনের এই উদ্যোগের প্রশংসা করেছেন অনেকেই। বিজ্ঞানীরা শ্রদ্ধার পাত্র বলেও মন্তব্য করেন কেউ কেউ। কেউ আবার অন্য দেশেও এই নিয়ম চালুর পক্ষে মত দেন।
জ্ঞান ও বিজ্ঞানের প্রতি সম্মান প্রদর্শনের সংস্কৃতি চীনে দীর্ঘদিনের। আর তাই বিজ্ঞান ও গবেষকদের সমাজে সর্বোচ্চ স্থান দেয় দেশটি। যে দেশ বিজ্ঞানকে সম্মান জানায়, তার উদ্ভাবনী শক্তি অটুট থাকে বলে মনে করা হয় সেখানে। আর তাই যুক্তরাষ্ট্রের শিশুরা সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার হতে বেশি আগ্রহী হলেও চীনের শিশুরা মহাকাশচারী হতে চায়।
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে থাকা আকারে বড় বিলবোর্ডে বিজ্ঞানীদের চেহারা ও তথ্য দেখতে পেয়ে গর্ববোধ করেন স্থানীয় বাসিন্দারা। কারণ, ছোট বা বড় পর্দার তারকাদের বদলে বিজ্ঞানীরাই তাঁদের কাছে আসল তারকা।
সূত্র: গ্লোবাল টাইমস