১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আকাশে দেখা যাবে যেসব চমক

রাতের আকাশফাইল ছবি: নাসা

ফেব্রুয়ারির শুরু থেকেই সূর্যাস্তের পরপর পশ্চিম দিগন্তে গ্রহদের আনাগোনা শুরু হয়েছে। একটু মনোযোগ দিয়ে তাকালেই রাতের আকাশে বৃহস্পতি, বুধ, নেপচুন, শনি, ইউরেনাস ও শুক্র গ্রহ দেখা যাচ্ছে। শুক্র ও বুধ গ্রহ দেখা যাচ্ছে দিগন্তের খুব কাছে। এ ছাড়া আকাশ পুরোপুরি অন্ধকার হওয়ার আগেই শুক্র গ্রহকে সবচেয়ে উজ্জ্বল বিন্দুর মতো দেখা যাচ্ছে।

৯ ফেব্রুয়ারি পূর্ণিমা। ফেব্রুয়ারির পূর্ণিমাকে উত্তর গোলার্ধে ঐতিহাসিকভাবে ‘স্নো মুন’ বলা হয়। এ দিন চাঁদ তার পূর্ণ রূপ নিয়ে আকাশে হাজির হবে। এই সময় চাঁদের উজ্জ্বলতা গ্রহগুলোর দৃশ্যমানতায় কিছুটা প্রভাব ফেলতে পারে। ১৫ ফেব্রুয়ারির মধ্যে চাঁদ বিভিন্ন গ্রহের খুব কাছ দিয়ে অতিক্রম করবে, যা জ্যোতির্বিজ্ঞানের ভাষায় কনজাংশন নামে পরিচিত। চাঁদ ও মঙ্গলের সাক্ষাৎ হবে এই সময়ে। এই সময়ের মধ্যে রাতের আকাশে চাঁদকে লাল গ্রহ মঙ্গলের কাছাকাছি অবস্থানেও দেখা যেতে পারে।

সূর্যাস্তের পরপরই গোধূলি চলাকালীন সময়টা গ্রহ দেখার সবচেয়ে ভালো সময়। এ সময় বুধ ও শনি গ্রহ দিগন্তের খুব কাছাকাছি অর্থাৎ নিচে অবস্থান করে, তাই গ্রহগুলো দেখার জন্য উঁচু ভবন বা পশ্চিম দিগন্ত উন্মুক্ত থাকা খোলা মাঠ বেছে নিতে হবে। শহর থেকে দূরে যেখানে কৃত্রিম আলো কম, সেখান থেকে গ্রহগুলো এবং ছায়াপথ অনেক বেশি স্পষ্ট দেখা যাবে।

বৃহস্পতি ও শুক্র গ্রহ খালি চোখেই স্পষ্টভাবে দেখা গেলেও নেপচুন ও ইউরেনাস দেখার জন্য ভালো মানের বাইনোকুলার বা টেলিস্কোপ প্রয়োজন হবে। ইউরেনাস ও নেপচুন যেহেতু খুব ক্ষীণ আলো দেয়, তাই এগুলো চিহ্নিত করতে স্কাই-ম্যাপ অ্যাপের সহায়তা নেওয়া যেতে পারে।

সূত্র: টাইম অ্যান্ড ডেট