২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের আকাশে দেখা যাবে যেসব দৃশ্য
ফেব্রুয়ারির শুরু থেকেই সূর্যাস্তের পরপর পশ্চিম দিগন্তে গ্রহদের আনাগোনা শুরু হয়েছে। ফলে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সন্ধ্যার পর বাংলাদেশের আকাশে বেশ কিছু চমৎকার জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা দেখা যাবে।
১৭ ফেব্রুয়ারি অমাবস্যা। এই রাতে আকাশে চাঁদ থাকবে না, ফলে আকাশ বেশ অন্ধকার থাকবে যা নক্ষত্র পর্যবেক্ষণের জন্য চমৎকার সুযোগ। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি নতুন চাঁদের কাছে থাকবে বুধ ও শনি গ্রহ। পশ্চিম দিগন্তে সূর্যাস্তের ঠিক পর এ দৃশ্য দেখা যাবে। ১৯ ফেব্রুয়ারি বুধ গ্রহ সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করবে। সূর্যাস্তের পর পশ্চিম আকাশে বুধকে দেখার জন্য এটিই হবে সবচেয়ে উপযুক্ত সময়।
২৩ ফেব্রুয়ারি চাঁদ ও বিখ্যাত নক্ষত্রপুঞ্জ প্লাইয়াডিস বা কৃত্তিকা নক্ষত্রমণ্ডলী একে অপরের খুব কাছাকাছি অবস্থান করবে। দক্ষিণ-পশ্চিম আকাশে এটি দেখা যাবে। ২৪ ফেব্রুয়ারি চাঁদকে অর্ধেক আলোকিত অবস্থায় সন্ধ্যার পর আকাশে দেখা যাবে। ২৬ ও ২৭ ফেব্রুয়ারি চাঁদের খুব কাছেই দেখা মিলবে বৃহস্পতি গ্রহের।
ফেব্রুয়ারির শেষ সপ্তাহে একটি বিরল মহাজাগতিক দৃশ্য দেখা যাবে। সে সময় আকাশের একই দিকে একসঙ্গে বুধ, শুক্র, শনি, নেপচুন, ইউরেনাস ও বৃহস্পতি গ্রহ অবস্থান করবে। ২৮ ফেব্রুয়ারি এই সমাবেশ সবচেয়ে স্পষ্ট দেখা যাবে। সূর্যাস্তের ঠিক পরপরই পশ্চিম দিগন্তের খুব কাছে দেখা যাবে বুধ, শুক্র ও শনি গ্রহকে। অন্যদিকে বৃহস্পতি গ্রহ সন্ধ্যার পর মাথার ওপরে উজ্জ্বলভাবে দৃশ্যমান হবে। তবে ইউরেনাস ও নেপচুন গ্রহ দুটি খালি চোখে দেখা কঠিন। ইউরেনাস দেখার জন্য দুরবিন এবং নেপচুন দেখার জন্য টেলিস্কোপের প্রয়োজন হবে।
সূত্র: অ্যাস্ট্রনমি ডটকম, দ্য স্কাই লাইভ ডটকম