গ্রাফিন নিয়ে প্রযুক্তিবিশ্বে চলছে যুদ্ধ

গ্রাফিনউইকিমিডিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্য ও ইউরোপের সঙ্গে কয়েক বছর ধরেই মাইক্রোচিপ নিয়ে শীতল যুদ্ধ চলছে চীনের। এই যুদ্ধে ইউরোপকে জেতাতে বিভিন্ন দেশে চালু হচ্ছে মাইক্রোচিপ তৈরির প্রতিষ্ঠান। প্রযুক্তিবিশ্বে চলা এই যুদ্ধে নতুন মাত্রা দিয়েছে গ্রাফিন। গ্রাফিন কার্বনের একটি দ্বিমাত্রিক রূপ। একটি ষড়ভুজাকার কাঠামোতে গ্রাফিনের পরমাণুসমূহ সাজানো থাকে। বর্তমানে সেমিকন্ডাক্টর–শিল্পে সিলিকনের বিকল্প হিসেবে গ্রাফিন ব্যবহার করা হচ্ছে। এই গ্রাফিনের কারণেই চীন বিশ্বব্যাপী মাইক্রোচিপের যুদ্ধে এগিয়ে রয়েছে।

যুক্তরাজ্যের প্রযুক্তি–উদ্যোক্তা সাইমন থমাস মাইক্রোচিপ তৈরির একটি প্রতিষ্ঠান চালু করেছেন। তিনি জানান, গ্রাফিন একটি বিশেষ উপাদান হিসেবে পরিচিত। এটিকে গ্রাফাইট থেকে নিষ্কাশন করা হয়। গ্রাফাইট কার্বনের স্ফটিক রূপ, যা পেনসিল তৈরি করতে ব্যবহৃত হয়। এই বিশেষ উপাদান মৌলিকভাবে বিশ্বকে পরিবর্তন করতে পারে। স্মার্টফোন, কম্পিউটার থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ি, স্বাস্থ্যসেবা ও সামরিক সরঞ্জাম তৈরিতে গ্রাফিন ব্যবহারের সুযোগ রয়েছে। গ্রাফিনের তৈরি স্মার্টফোন কবজিতে পরা যাবে। শুধু তা–ই নয়, মুড়িয়েও রাখা যাবে ট্যাবলেট কম্পিউটার।

গ্রাফিন সবচেয়ে শক্তিশালী ও পাতলা পদার্থগুলোর মধ্যে একটি। ইস্পাতের চেয়ে অনেক শক্ত, কিন্তু কাগজের চেয়ে হালকা। এই পদার্থ হীরার চেয়ে শক্ত হলেও রাবারের তুলনায় বেশি স্থিতিস্থাপক। তাপ ও বিদ্যুৎ পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর হওয়ায় বৈদ্যুতিক গাড়ির সেন্সরসহ বিভিন্ন যন্ত্র তৈরিতে গ্রাফিন ব্যবহার করা হচ্ছে। শুধু তা–ই নয়, কোয়ান্টাম কম্পিউটিং, নতুন প্রজন্মের এমআরআই স্ক্যানারের চৌম্বকীয় সেন্সর আর ড্রোন তৈরিতেও গ্রাফিন ব্যবহারের সুযোগ রয়েছে। আর তাই ভবিষ্যৎ ইলেকট্রনিকস–শিল্পে গ্রাফিন বিশাল প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে বিশ্ববাজারে গ্রাফিন নিয়ে চাপ তৈরি করার চেষ্টা করছে চীন। দেশটির পাঁচ হাজারের বেশি প্রতিষ্ঠান বর্তমানে গ্রাফিননির্ভর পণ্য তৈরিতে কাজ করছে। কয়েক মাস আগে সিলিকনের পরিবর্তে গ্রাফিন ব্যবহার করে মাইক্রোচিপের উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে চীন। ধারণা করা হচ্ছে, ২০২৫ সালের মধ্যে দেশটি গ্রাফিনের বাজারে বড় স্থান তৈরি করবে।

সূত্র: দ্য গার্ডিয়ান