ডার্ক ম্যাটারের সন্ধানে নতুন আশা

মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য ডার্ক ম্যাটারফাইল ছবি: নাসা

প্রায় এক শতাব্দী ধরে ডার্ক ম্যাটার জ্যোতির্বিজ্ঞানের অন্যতম বড় রহস্য। আর তাই রহস্যময় ডার্ক ম্যাটারের সন্ধানে দীর্ঘদিন ধরেই গবেষণা করছেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। তবে দশকের পর দশক ধরে গবেষণা চললেও এখন পর্যন্ত ডার্ক ম্যাটার সরাসরি শনাক্ত করা সম্ভব হয়নি। বিজ্ঞানীদের মতে, মহাবিশ্বের মোট ভরের প্রায় ২৭ শতাংশই হলো ডার্ক ম্যাটার।

ডার্ক ম্যাটার এমন কোনো অজানা কণা দিয়ে তৈরি, যা আলো শোষণ বা প্রতিফলন করে না, ফলে এটি কার্যত অদৃশ্য। সম্প্রতি ছয়টি দেশের ২৫০ জন বিজ্ঞানী ও প্রকৌশলীর সমন্বয়ে গড়া একটি দল ভূগর্ভের গভীরে একটি কণার অস্বাভাবিক মিথস্ক্রিয়া বা পারস্পরিক ক্রিয়া শনাক্ত করেছেন। তাঁদের দাবি, সেখানে একটি সাধারণ পরমাণুর সঙ্গে অজানা একটি কণার সংঘর্ষের ঘটনা শনাক্ত করা হয়েছে, যা ডার্ক ম্যাটারের ঝলক হতে পারে। তাঁদের দাবি সত্যি হলে, নতুন এই আবিষ্কার ডার্ক ম্যাটার রহস্যের সমাধান করতে সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে।

ভূগর্ভে ডার্ক ম্যাটারের সন্ধানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ডাকোটায় থাকা বিশ্বের অন্যতম সংবেদনশীল ডার্ক ম্যাটার ডিটেক্টর লাক্স-জেপলিন থেকে সংগ্রহ করা তথ্য প্রায় দুই বছর ধরে পর্যালোচনা করেছেন বিজ্ঞানীরা। মাটির প্রায় এক মাইল গভীরে থাকা বিশাল এই যন্ত্রে ১০ টন অতি-বিশুদ্ধ তরল জেনন রয়েছে। ফলে যখন কোনো ডার্ক ম্যাটার কণা একটি জেনন পরমাণুর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, তখন খুবই ক্ষীণ আলোর ঝলক তৈরি হতে পারে, যা পরে শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। তবে নতুন এই আবিষ্কার সম্পর্কে বিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছেন, এটি একটি একক ঘটনা, যা ডার্ক ম্যাটার আবিষ্কার বলে ঘোষণা দেওয়ার মতো যথেষ্ট নয়।

যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী স্যাম এরিকসন বলেন, বিজ্ঞানীরা প্রায় এক শতাব্দী ধরে ডার্ক ম্যাটারকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করে আসছেন। এই পদার্থ মহাবিশ্বের পদার্থের বিশাল অংশজুড়ে রয়েছে। নতুন বিশ্লেষণে আমরা যা পর্যবেক্ষণ করেছি, তা কণা হিসেবে ডার্ক ম্যাটারকে বোঝার প্রথম পদক্ষেপ হতে পারে।

প্রসঙ্গত, ডার্ক ম্যাটার আলো নির্গত, শোষণ বা প্রতিফলিত করে না। আর তাই শক্তিশালী হলেও অদৃশ্য থাকে এই পদার্থ। বিজ্ঞানীরা বিশ্বাস করেন, এই পদার্থ মহাবিশ্বের সব পদার্থের প্রায় ৮৫ শতাংশ তৈরি করে। আমাদের দেখা সবকিছু—নক্ষত্র, গ্রহের চেয়ে ভারী এই পদার্থ।

সূত্র: ডেইলি মেইল