বলুন তো যোগফল কত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণিতে প্রবাবিলিটি বা সম্ভাবনার সূত্র অনেক সমস্যার সমাধানে কাজে লাগে। যেমন, ক্রিকেট খেলায় কোন দল প্রথম ব্যাটিং না ফিল্ডিং করবে, তা নির্ধারণের জন্য একটি মুদ্রা টোকা দিয়ে ওপরের দিকে ছুড়ে টস করা হয়। মুদ্রার হেড–টেইল দেখে সিদ্ধান্ত নেওয়া হয়। ফুটবল খেলায়ও কোন দল মাঠের কোনদিকে প্রথমার্ধে খেলবে, সেটা টস করে ঠিক করা হয়।

এ ব্যবস্থা করা হয় যেন কোন দল প্রথম সুযোগ পাবে, সেটা বাছাইয়ের ক্ষেত্রে কোনো পক্ষপাত না থাকে। এখানে সম্ভাবনার সূত্র ব্যবহার করা হয়। যদি একটি মুদ্রার দুই পিঠের ভর সমান থাকে, তাহলে তাকে টোকা দিয়ে টস করলে হেড বা টেইল পড়ার সম্ভাবনা সমান। অর্থাৎ প্রতিটি দলের টসে জেতার সম্ভাবনা ৫০ ভাগ।

অবশ্য এখানে একটা বিষয় বিবেচনায় রাখতে হবে। সাধারণভাবে বলা যায়, সম্ভাবনা ৫০–৫০। যদি ১০ বার টস করা হয়, তাহলে হেড–টেইল ৫ বার করে পাওয়া যাওয়ার কথা। সেখানে হয়তো কখনো হেরফের হতে পারে। কিন্তু যদি কয়েক লাখবার টস করা হয়, তাহলে অবশ্যই ৫০–৫০ সম্ভাবনা থাকবে। তাই ধরে নেওয়া হয়, টসে হেড–টেইলের সম্ভাবনা ৫০–৫০। আরেকটি উদাহরণ দেখুন। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ ও ৮—এই আটটি অঙ্কের প্রতিটি একবারের বেশি ব্যবহার না করে একটি সংখ্যা লিখলাম। এখন বলুন তো সেটি জোড়সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? এখানে আমরা প্রথমে লক্ষ করব, সংখ্যাটির শেষ অঙ্কটি যদি জোড় হয়, তাহলেই কেবল সেটা জোড় সংখ্যা হবে। মোট আটটি অঙ্কের মধ্যে চারটি জোড় অঙ্ক। তাই শতকরা হিসাবে প্রকাশ করলে বলব, জোড় সংখ্যার সম্ভাবনা = (৪/৮)× ১০০ = ৫০%। এ ধরনের সম্ভাবনার হার বিবেচনা করে আমরা বড় বড় সিদ্ধান্ত নিতে পারি।

এ সপ্তাহের ধাঁধা

বলুন তো, প্রথম ২৫টি জোড় সংখ্যার যোগফল কত?
আপনার উত্তর আমার ই–মেইলে পাঠাতে পারেন। সঠিক উত্তর দেখুন আগামী রোববার এই অনলাইন কলামে।

গত রোববার প্রকাশিত ধাঁধার উত্তর

ধাঁধাটি ছিল এ রকম: প্রতিটি পৃথক এমন পাঁচ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটি কত?
উত্তর
৯৮৭৬৫ ও ১০২৩৪

কীভাবে উত্তর বের করলাম

যেহেতু প্রতিটি অঙ্ক পৃথক, তাই বৃহত্তম সংখ্যাটি শুরু হবে ৯ দিয়ে এবং এরপর ক্রমান্বয়ে ১ করে কমিয়ে পাব ৯৮৭৬৫ সংখ্যাটি। কিন্তু ক্ষুদ্রতম সংখ্যাটির ক্ষেত্রে প্রথমে ০ দিয়ে শুরু করা যাবে না, কারণ তাহলে সংখ্যাটি শেষ পর্যন্ত চার অঙ্কের হয়ে যাবে, পাঁচ অঙ্কের থাকবে না। সুতরাং প্রথমে ১ ও এরপর ০ দিয়ে লিখলে সংখ্যাটি হবে ১০২৩৪।

*আব্দুল কাইয়ুম: মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তার সম্পাদক
[email protected]