বলুন তো সংখ্যা দুটি কত?
৯-এর আরও ম্যাজিক দেখুন। আপনার বন্ধুকে বলুন তিন অঙ্কের একটি সংখ্যা লিখতে, যার প্রথম অ শেষ অঙ্ক দুটি পৃথক। এরপর সংখ্যাটির অঙ্কগুলোকে (ডিজিট) বিপরীতক্রমে সাজিয়ে লিখতে বলুন। এবার বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করতে বলুন। আপনি কিন্তু এসব হিসাবের কিছুই দেখছেন না। আপনার বন্ধু আড়ালে ক্যালকুলেটরে লিখছে। কিন্তু আপনি বিয়োগফল বলে দিতে পারেন। শুধু বন্ধুকে জিজ্ঞেস করবেন বিয়োগফলের প্রথম বা শেষ অঙ্কটি কত। সেটা জানা মাত্রই আপনি চট করে বিয়োগফলটি বলে দেবেন। কীভাবে? আপনাকে তেমন কিছুই করতে হবে না। শুধু যে অঙ্কটি আপনার বন্ধু বলবে, সেটা ৯ থেকে বিয়োগ করে পুরো সংখ্যাটি বের করে ফেলতে পারবেন। কারণ, এ ধরনের তিন অঙ্কের সংখ্যা ও তার বিপরীত সংখ্যার পার্থক্য যা-ই হোক এর মাঝের অঙ্কটি সব সময় ৯ হবে এবং প্রথম ও শেষ অঙ্ক দুটির যোগফলও সব সময় ৯ হবে। যেমন ধরা যাক, ৯৭৫ ও এর বিপরীত সংখ্যা ৫৭৯–এর বিয়োগফল ৩৯৬। এর মাঝখানে রয়েছে ৯ এবং বিয়োগফলের প্রথম ও শেষ অঙ্ক দুটির যোগফল = (৩ + ৬) = ৯। সুতরাং আপনার বন্ধু যদি বলে প্রথম অঙ্কটি ৩, তাহলে আপনি সঙ্গে সঙ্গে বলে দিতে পারেন বিয়োগফল = ৩৯৬, কারণ শেষ অঙ্কটি হবে (৯ - ৩) = ৬। যদি বিয়োগফলের প্রথম বা শেষ অঙ্কটি ০ বা ৯ হয়, তাহলে বিয়োগফলটি হবে ৯৯।
আপনি যদি তিন অঙ্কের বর্ণিত ধরনের কোনো সংখ্যা ও তার বিপরীত সংখ্যার পার্থক্য বের করেন, তাহলে উত্তরগুলো হবে: ০৯৯, ১৯৮, ২৯৭, ৩৯৬, ৪৯৫, ৫৯৪, ৬৯৩, ৭৯২ অথবা ৮৯১।
লক্ষ করুন, প্রতিটি সংখ্যার মাঝের অঙ্কটি ৯ এবং প্রথম ও শেষ অঙ্ক দুটির যোগফলও ৯। এই বৈশিষ্ট্যটি কাজে লাগিয়েই আপনি কিছু না দেখে, না শুনেই বিয়োগফল বলে দিতে পারেন।
কোনো সংখ্যাকে ৯ দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত হবে সেটাও আপনি অনায়াসে বলে দিতে পারেন। পুরো সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল বের করুন। যদি সেটা এক অঙ্কের চেয়ে বড় হয় তাহলে যোগফলের অঙ্কগুলো আবার যোগ করুন। এভাবে শেষ পর্যন্ত এক অঙ্কে পৌঁছালে যে অঙ্কটি পাবেন সেটাই অবশিষ্ট। আর অঙ্কগুলোর যোগফল যদি শেষ পর্যন্ত শূন্য হয়, তাহলে বলা যাবে সংখ্যাটি ৯ দিয়ে নিঃশেষে বিভাজ্য। যেমন, ৮৪৭৯৩ সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল = (৮ + ৪ + ৭ + ৯ + ৩) = ৩১। এর পর ( ৩ + ১) = ৪। সুতরাং বলা যায় ৮৪৭৯৩ সংখ্যাটিক ৯ দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকবে ৪। ভাগ অঙ্কটি করে আপনি নিজেও মিলিয়ে দেখতে পারেন।
৯-এর এই সব ম্যাজিক বিস্তৃত জানার জন্য দেখুন ওয়েব পেজ http://www.eklavya.org/magic9-1.html
এ সপ্তাহের ধাঁধা
বলুন তো, প্রতিটি পৃথক এমন পাঁচ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটি কত?
আপনার উত্তর আমার ই-মেইলে পাঠাতে পারেন। সঠিক উত্তর দেখুন আগামী রোববার এই অনলাইন কলামে।
গত রোববার প্রকাশিত ধাঁধার উত্তর
ধাঁধাটি ছিল এ রকম: এক যুগ, মানে বারো বছর আগে প্রতিষ্ঠিত একটি স্কুলের ছাত্রসংখ্যা এখন ১৯২০। যদি প্রতি তিন বছর পরপর ছাত্রসংখ্যা দ্বিগুণ হয়ে থাকে তাহলে প্রতিষ্ঠালগ্নে ছাত্রসংখ্যা কত ছিল?
উত্তর
প্রতিষ্ঠালগ্নে স্কুলের ছাত্রসংখ্যা ছিল ১২০
কীভাবে উত্তর বের করলাম
ধরে নিই প্রতিষ্ঠালগ্নে ‘ক’ সংখ্যক ছাত্র ছিল। তাহলে তিন বছর পর ছাত্রসংখ্যা হয় ২ক। ছয় বছর পর এর দ্বিগুণ, মানে ৪ক। নয় বছর পর ৮ক। এবং ১২ বছর পর ছাত্রসংখ্যা হয় ১৬ক। সুতরাং বলতে পারি ১৬ক = ১৯২০। অর্থাৎ ক = ১২০। তাই প্রতিষ্ঠালগ্নে ছাত্রসংখ্যা ছিল ১২০ জন।
* আব্দুল কাইয়ুম: মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তার সম্পাদক
[email protected]