এই ছিল তো এই নেই। নক্ষত্রের বেলায় এ কথা বলা যায়। কারণ, প্রতি সেকেন্ডে একটি করে নক্ষত্রের মৃত্যু হচ্ছে। কিংবা ব্যান্ডশিল্পী হাসানের গানের ভাষায় বললে, ‘অনন্ত আকাশ থেকে নক্ষত্র হারায়’। তবে মহাশূন্যে নক্ষত্রের বিলীন হয়ে যাওয়ার এই প্রক্রিয়া তো আর হররোজ দেখা যায় না। দীর্ঘ সময়ের ব্যাপার। হাবল টেলিস্কোপে ধারণ করা এমন একটি টাইম-ল্যাপ্স ভিডিও প্রকাশ করা হয় সম্প্রতি। এক বছর ধরে নিয়মিত বিরতিতে ধারণ করা আলোকচিত্র একের পর এক জুড়ে দিয়ে কয়েক সেকেন্ডে দেখানো হয়েছে তাতে।
মহাবিশ্ব সম্প্রসারণের গতির ধারণা পেতেই সাত কোটি আলোকবর্ষ দূরের সে নক্ষত্রের ছবি ধারণ করা শুরু হয় হাবল টেলিস্কোপে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং ইউরোপীয় মহাকাশ এজেন্সি ইএসএর উদ্যোগে চলে টেলিস্কোপটি।
নক্ষত্রের মৃত্যুর আগে আগে বিশাল বিক্রমে বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণকে বলা হয় সুপারনোভা। জ্যোতির্বিজ্ঞানীরা গ্যালাক্সি বা ছায়াপথগুলোর দূরত্ব নির্ণয়ে নির্দেশক হিসেবে ব্যবহার করেন সুপারনোভা। বিশেষ করে ছায়াপথগুলো একে অপর থেকে কত দ্রুত সরে যাচ্ছে, তা অনুমান করতে সাহায্য করে। এতে মহাবিশ্বের বয়স সম্পর্কে ধারণা পাওয়া যায়।
২০১৮ সালের জানুয়ারির মাঝামাঝি শখের জ্যোতির্বিদ কইচি ইতাগাকি প্রথম ‘এসএন ২০১৮জিভি’ সুপারনোভাটি শনাক্ত করেন। ফেব্রুয়ারিতে সেটি ধারণ করা শুরু করে হাবল টেলিস্কোপ। টাইম-ল্যাপ্সের শুরুতে ‘এনজিসি ২৫২৫’ ছায়াপথের বাইরের দিকে আলোকচ্ছটার মতো দেখায় সুপারনোভাটি। তবে খানিক পরই ছায়াপথের উজ্জ্বলতম নক্ষত্রের চেয়েও বেশি উজ্জ্বল হয়ে ওঠে। অনেকটা পারমাণবিক বোমার বিস্ফোরণের মতো। ক্ষণিকের জন্য যে পরিমাণ শক্তি নক্ষত্রটি থেকে ছড়িয়ে পড়ে, তা ৫০০ কোটি সূর্যের তেজস্ক্রিয়তার সমান। আর এই পরিমাণ শক্তি নির্গত হওয়ার পর তা যে খুব বেশি সময় দৃশ্যমান থাকবে না, তা তো জানা কথা। ভিডিওতেও তেমনটিই দেখা যায়। ধীরে ধীরে আলো হারিয়ে ফেলে সে নক্ষত্র।