ফেব্রুয়ারিতে আসতে পারে আইফোন ১৭ই, সত্যি না গুজব

নতুন মডেলের আইফোন নিয়ে প্রযুক্তিবিশ্বে জল্পনাকল্পনা চলছেরয়টার্স

চলতি মাসেই অ্যাপলের নতুন স্মার্টফোন ‘আইফোন ১৭ই’ উন্মোচিত হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক প্রযুক্তিবিষয়ক সাময়িকী ম্যাকওয়ার্ল্ডের জার্মান সংস্করণ ম্যাকভেল্ট। তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯ ফেব্রুয়ারি নতুন মডেলটি বাজারে আনা হতে পারে। গত বছর একই দিনে অ্যাপল উন্মোচন করেছিল আইফোন ১৬ই। সেই সময়সূচির ধারাবাহিকতায় এবারও ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নতুন সংস্করণ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ম্যাকভেল্টের প্রতিবেদনে বলা হয়েছে, মুঠোফোন কেস ও বিভিন্ন আনুষঙ্গিক পণ্য প্রস্তুতকারকদের একটি সূত্রের বরাতে সম্ভাব্য উন্মোচনের তারিখ জানা গেছে। সূত্রটির দাবি, ১৯ ফেব্রুয়ারি আইফোন ১৭ই উন্মোচিত হতে পারে। তবে সম্ভাব্য এই তারিখ নিয়ে সংশয়ে রয়েছে ম্যাকভেল্টও। কারণ, অ্যাপল সাধারণত বৃহস্পতিবার নতুন হার্ডওয়্যার উন্মোচন করে না। বড় পণ্যের ঘোষণা প্রতিষ্ঠানটি বেশির ভাগ সময়ই সপ্তাহের শুরুতে, বিশেষ করে সোমবার, মঙ্গলবার বা বুধবার দিয়ে থাকে। এ ছাড়া নির্দিষ্ট উন্মোচনের তারিখ অ্যাপল সাধারণত আনুষঙ্গিক পণ্য নির্মাতাদের সঙ্গে আগে থেকে শেয়ার করে না। ফলে ১৯ ফেব্রুয়ারির তারিখটি এখনো নিশ্চিত নয়।

গত বছরের সময়রেখা বিবেচনায় ফেব্রুয়ারির মধ্যেই অ্যাপলের নতুন মডেলের আইফোন বাজারে আনার ঘোষণা দেওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নতুন মডেলের সম্ভাব্য সুবিধা নিয়েও প্রকাশিত হয়েছে একাধিক তথ্য। প্রযুক্তিবিষয়ক গণমাধ্যম দ্য ইনফরমেশনের আগের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন ১৭ইতে ম্যাগসেফ ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা যুক্ত হতে পারে। ম্যাগসেফ সমর্থনের অভাব আইফোন ১৬ই–এর অন্যতম সীমাবদ্ধতা হিসেবে বিবেচিত হয়েছিল। ফলে নতুন সংস্করণে এ সুবিধা যুক্ত হলে তা ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন হবে বলে ধারণা করা হচ্ছে।

জাপানের প্রযুক্তি সাইট ম্যাকওটাকারা পৃথক এক প্রতিবেদনে সম্ভাব্য হার্ডওয়্যার পরিবর্তনের কথা জানিয়েছে। তাদের তথ্যমতে, আইফোন ১৭ইতে থাকতে পারে অ্যাপলের নতুন এ১৯ চিপ। পাশাপাশি যুক্ত হতে পারে সর্বশেষ সি১এক্স মডেম, যা আইফোন ১৬ই–এ ব্যবহৃত সি১ মডেমের তুলনায় প্রায় দ্বিগুণ গতির সংযোগ দিতে সক্ষম। ওয়াই–ফাই, ব্লুটুথ ও থ্রেড সংযোগের জন্য অ্যাপলের নিজস্ব এন১ নেটওয়ার্ক চিপ ব্যবহারের কথাও উল্লেখ করা হয়েছে।

নতুন মডেলের আইফোনের নকশায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়নি। ফলে আগের মডেলের মতোই এতে পর্দার ওপরের অংশে নচ থাকতে পারে। ডায়নামিক আইল্যান্ড যুক্ত হওয়ার সম্ভাবনাও কম। পাশাপাশি পেছনে একটি ক্যামেরা থাকার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে বাহ্যিক নকশায় বড় পরিবর্তন না এনে অভ্যন্তরীণ চিপ, মডেম ও সংযোগ প্রযুক্তিতে উন্নয়ন ঘটিয়েই আইফোন ১৭ইকে আরও সক্ষম করে তোলার কৌশল নিতে পারে অ্যাপল। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এসব তথ্যকে গুঞ্জন হিসেবেই দেখছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। আইফোন ১৭ই মডেলের দাম কত হতে পারে, তা নিয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি। তবে আগের সংস্করণ অর্থাৎ আইফোন ১৬ই–এর ১২৮ গিগাবাইট সংস্করণের দাম ৫৯৯ ডলার হওয়ায় নতুন মডেলটির দামও কাছাকাছি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: নাইনটুম্যাক ডটকম