নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সম্ভাব্যতা যাচাই করবে ইডটকো ও ফ্লোসোলার

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ইডটকো বাংলাদেশ ও ফ্লোসোলার সলিউশনস লিমিটেডের কর্মকর্তারাছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকসই ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সম্ভাব্যতা যাচাই করতে চুক্তি সই করেছে ইডটকো বাংলাদেশ ও ফ্লোসোলার সলিউশনস লিমিটেড। চুক্তির আওতায় ইডটকোর টেলিযোগাযোগ অবকাঠামোগুলোর বিদ্যুৎ চাহিদা পূরণে গ্রিড-সংযুক্ত নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনব্যবস্থা গড়ে তোলার সম্ভাবনা যৌথভাবে যাচাই ও মূল্যায়ন করবে প্রতিষ্ঠান দুটি। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইডটকো বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইডটকোর টেলিকম টাওয়ার পরিচালনা কার্যক্রমে নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবহার বাড়ানোই এই অংশীদারত্বের মূল লক্ষ্য, যা প্রতিষ্ঠানটির কার্বন নির্গমন কমানোর লক্ষ্যকে এগিয়ে নেবে এবং ডিজিটাল অবকাঠামোর দীর্ঘমেয়াদি কার্যক্ষমতা বাড়াবে।

চুক্তির আওতায় সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে উৎপাদনি করা নবায়নযোগ্য বিদ্যুৎ জাতীয় গ্রিডের মাধ্যমে ইডটকোর অবকাঠামোতে সরবরাহের সম্ভাবনা যাচাই করা হবে। বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের স্থান নির্ধারণ, গ্রিড সংযোগ এবং প্রকল্পের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে ফ্লোসোলার। অপর দিকে স্থান নির্বাচন এবং বিদ্যুতের চাহিদার মূল্যায়নপ্রক্রিয়ায় সহায়তা প্রদান করবে ইডটকো।

ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ বলেন, ডিজিটাল অবকাঠামোর পরিসর প্রতিনিয়ত বাড়ছে। একই সঙ্গে এসব অবকাঠামোতে কীভাবে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, সেটিও ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বড় পরিসরে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সম্ভাবনা যাচাইয়ের এই উদ্যোগ কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে আমাদের প্রচেষ্টায় নতুন একটি মাত্রা যোগ করবে। একই সঙ্গে এটি আমাদের টাওয়ার পরিচালনা কার্যক্রমের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা বাড়াতে সহায়তা করবে।

ফ্লোসোলার সলিউশনস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আজিম কাসেম খান বলেন, টেলিকম নেটওয়ার্ক দিন-রাত ২৪ ঘণ্টা চালু থাকে। তাই এর বিদ্যুৎ সরবরাহের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগ ধাপে ধাপে নেটওয়ার্কে দীর্ঘমেয়াদি বিদ্যুৎ সরবরাহের কাঠামো তৈরি করতে সহায়তা করবে।