অফলাইনেও কাজ করবে গুগলের নতুন এআই ডিকটেশন অ্যাপ
ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজের প্রয়োজনে গুরুত্বপূর্ণ তথ্য ও সিদ্ধান্তের কথা লিখে রাখেন অনেকেই। কেউ আবার ব্যক্তিগত সহকারীর মাধ্যমে পরবর্তী কাজের পরিকল্পনা ও সিদ্ধান্তের তথ্য সংরক্ষণ করেন। বিষয়টি মাথায় রেখে মুখের কথায় গুরুত্বপূর্ণ তথ্য ও সিদ্ধান্তের কথা লিখে রাখতে সক্ষম ডিকটেশন অ্যাপ উন্মুক্ত করেছে গুগল।
‘গুগল এআই এজ এলোকোয়েন্ট’ নামের ডিকটেশন অ্যাপটি ইন্টারনেট সংযোগ ছাড়াই কাজ করে। এর ফলে যেকোনো সময় অ্যাপটি কাজে লাগিয়ে মুখে উচ্চারণ করা শব্দ ফোনের পর্দায় তাৎক্ষণিকভাবে বার্তা আকারে দেখা যায়। শুধু তা–ই নয়, স্বয়ংক্রিয়ভাবে কথার মাঝখানে বলা অপ্রয়োজনীয় শব্দ (যেমন ‘উম’, ‘আহ’) ফিল্টার করে লেখাকে আরও মার্জিত ও গুছিয়ে প্রকাশ করতে পারে অ্যাপটি। আইওএস অপারেটিং সিস্টেমের জন্য তৈরি অ্যাপটির ট্রান্সক্রিপ্টের ঠিক নিচেই ‘কি পয়েন্ট’, ‘ফরমাল’, ‘শর্ট’ ও ‘লং’–এর মতো কিছু অপশন যুক্ত করা হয়েছে। এসব অপশন ব্যবহার করে লেখাকে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যাবে।
বিনা মূল্যের অ্যাপটি প্রতিটি ডিকটেশনের ইতিহাস সংরক্ষণ করে থাকে। পাশাপাশি সর্বশেষ সেশনে বলা শব্দ, কথা বলার গতি ও মোট শব্দসংখ্যার তথ্য জানা যায় অ্যাপটিতে। ব্যবহারকারীরা চাইলে অ্যাপটির ক্লাউড মোড চালু করে গুগলের জেমিনাই মডেলের সহায়তা নিতে পারবেন।
গুগল জানিয়েছে, প্রচলিত ডিকটেশন অ্যাপগুলো অপ্রয়োজনীয় শব্দগুলোকেও হুবহু লিখে ফেলে। কিন্তু গুগল এআই এজ এলোকোয়েন্ট অ্যাপটি বক্তার কথার প্রকৃত অর্থ শনাক্ত করতে পারে। আর তাই স্বয়ংক্রিয়ভাবে কথার মাঝখানে থাকা ‘উম’, ‘আহ’ বা মাঝপথে নিজেকে সংশোধন করে নেওয়া কথাগুলো বাদ দিয়ে একটি নির্ভুল ও পরিচ্ছন্ন লেখা প্রদর্শন করতে পারে।
স্পিচ–টু–টেক্সট বা কথা থেকে লেখায় রূপান্তরের মডেলগুলো দিন দিন উন্নত হওয়ায় এআইচালিত এই ট্রান্সক্রিপশন অ্যাপগুলোর জনপ্রিয়তা বাড়ছে। আর তাই উইস্পার ফ্লো, সুপারহুইস্পার বা উইলোর মতো অ্যাপগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই নতুন অ্যাপটি উন্মুক্ত করেছে গুগল।
সূত্র: টেক ক্র্যান্চ