এক ডোমেইন বিক্রি করেই শতকোটিপতি
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে ডিজিটাল সম্পদের বাজারও। সেই পরিবর্তনের অন্যতম আলোচিত উদাহরণ হয়ে উঠেছে ‘এআই ডটকম’ ডোমেইনের বাজারমূল্য। নিজের নামের আদ্যক্ষরের সঙ্গে মিল থাকায় দুই অক্ষরের এই ওয়েব ঠিকানা কয়েক বছর আগে কিনেছিলেন মালয়েশিয়ার প্রযুক্তি উদ্যোক্তা আরসিয়ান ইসমাইল। শখের বশে কেনা এই ডোমেইন পরে তিনি বিক্রি করেছেন প্রায় ৭ কোটি ডলার বা ৮৫৭ কোটি টাকায় (প্রতি ডলারের বিনিময় মূল্য ১২২ টাকা ৫০ পয়সা ধরে)।
২০২৫ সালের এপ্রিলে এআই ডোমেইনটি গোপনে ক্রিস মারজালেকের কাছে বিক্রি করেন আরসিয়ান ইসমাইল। এত দিন বিষয়টি গোপন থাকলেও সুপার বোল এলএক্সের একটি বিজ্ঞাপনে ডোমেইনটির নাম দেখা গেলে এটি বিশ্বজুড়ে আলোচনায় আসে। টেলিভিশন চ্যানেলের বিজ্ঞাপন বিরতিতে প্রদর্শিত হওয়ায় মুহূর্তেই প্রযুক্তি অঙ্গনের আলোচনার কেন্দ্রে উঠে আসে এআই ডটকম।
ইন্টারনেটে দুই অক্ষরের ডোমেইন অত্যন্ত দুর্লভ। সম্ভাব্য কম্বিনেশন মাত্র ৬৭৬টি। এর অধিকাংশই বহু বছর আগে নিবন্ধিত হয়ে গেছে এবং খুব কম ক্ষেত্রেই এসব ডোমেইনের মালিকানা বদলায়। এ কারণেই দুই অক্ষরের ডোমেইনকে ডিজিটাল সম্পদের সবচেয়ে মূল্যবান শ্রেণির মধ্যে ধরা হয়। এআই ডটকম এই তালিকার শীর্ষ পর্যায়ের একটি ডোমেইন। বাজার বিশ্লেষকদের মতে, ডোমেইনটি নিয়ে তাড়াহুড়া না করে দীর্ঘদিন ধরে রাখাই এর বাজারমূল্য বাড়াতে সহায়তা করেছে।
প্রযুক্তি বিশ্বে আরসিয়ান ইসমাইল খুব পরিচিত মুখ নন। বড় কোনো প্ল্যাটফর্ম বা আলোচিত স্টার্টআপের প্রতিষ্ঠাতা হিসেবেও তাঁর নাম কখনো সামনে আসেনি। প্রযুক্তি উদ্যোক্তার বদলে তিনি একজন বিনিয়োগকারী হিসেবেই বেশি পরিচিত। ইসমাইল ডোমেইনটি কিনেছিলেন প্রায় এক কোটি ডলারের বিনিময়ে। ফলে ডোমেইনটি বিক্রি করায় তাঁর লাভ হয়েছে প্রায় ছয় কোটি ডলার।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া