ডিজিটাল যুগে মানুষের ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড ও আর্থিক হিসাব হাতিয়ে নিতে সাইবার অপরাধীরা নিত্যনতুন কৌশল অবলম্বন করছে, যার অন্যতম হলো ফিশিং আক্রমণ। ই–মেইল, ওয়েবসাইট বা খুদে বার্তার মাধ্যমে ভুয়া পরিচয়ে পাঠানো এই ফাঁদ থেকে বাঁচতে সচেতনতা এবং প্রযুক্তিগত সুরক্ষার বিকল্প নেই। ফিশিং স্ক্যামের প্রধান লক্ষণগুলো চিনে রাখা জরুরি।
ফিশিং স্ক্যামের লক্ষণ
অচেনা বা অপ্রত্যাশিত ই–মেইলে থাকা কোনো লিংকে ক্লিক করা কিংবা অ্যাটাচমেন্ট নামানো থেকে বিরত থাকুন। প্রেরকের ঠিকানার মিল না থাকা, বানান বা ব্যাকরণগত ভুল কিংবা হুট করে ব্যক্তিগত ও আর্থিক তথ্য চাওয়ার মতো লক্ষণগুলো দেখে সন্দেহজনক বার্তাগুলো চিহ্নিত করতে হবে। প্রয়োজনে মূল প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে তা যাচাই করতে হবে।
ভুয়া ও অনিরাপদ ওয়েবসাইট শনাক্তকরণ
সাইবার অপরাধীরা অনেক সময় সুপরিচিত কোনো প্রতিষ্ঠানের নামে ভুয়া বা নকল ওয়েবসাইট তৈরি করে ব্যবহারকারীদের বিভ্রান্ত করে। কোনো ওয়েবসাইট দেখার সময় যদি লোগোতে অস্পষ্টতা, টাইপো বা বানান ভুল কিংবা অপ্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য চাওয়ার মতো অসংগতি দেখা যায়, তবে সতর্ক হোন।
যদি কেউ ভুলবশত ফিশিংয়ের শিকার হন, তবে অবিলম্বে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে এবং ব্যাংক বা ক্রেডিট কার্ড থাকলে দ্রুত ব্যাংককে জালিয়াতির বিষয়টি অবহিত করতে হবে। এ ছাড়া আউটলুক, মাইক্রোসফট ৩৬৫ ডিফেন্ডার বা অ্যান্টি-ফিশিং ওয়ার্কিং গ্রুপের মতো প্ল্যাটফর্মে স্প্যাম বা ফিশিং বার্তা এবং ভুয়া ওয়েবসাইট রিপোর্ট করার সুযোগ রয়েছে। সূত্র: মাইক্রোসফট
টেকবার্তার সঙ্গে যোগাযোগ: [email protected]
জাহিদ হোসাইন খান