উদ্যোক্তাদের সম্ভাবনা তুলে ধরে শেষ হলো ন্যাশনাল ডেমো ডে

ন্যাশনাল ডেমো ডের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাছবি: সংগৃহীত

দেশি স্টার্টআপগুলোকে তাদের পণ্য, সেবা, ব্যবসায়িক মডেল ও প্রবৃদ্ধির সম্ভাবনা তুলে ধরার সুযোগ দিতে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশন ভবনের মিলনায়তনে আজ বৃহস্পতিবার শেষ হলো তিন দিনের ‘ন্যাশনাল ডেমো ডে ২০২৬’। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের অধীন আইসিটি বিভাগের বাস্তবায়িত ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন (ডিইআইইডি) প্রকল্পের স্টার্টআপ অ্যান্ড স্কেলআপ প্রোগ্রাম (এসএসপি)-এর আওতায় এই ডেমো ডের আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ন্যাশনাল ডেমো ডেতে ১ হাজার ৯১টি স্টার্টআপ অংশগ্রহণ করে, যার মধ্যে ৩০২টি স্কেলআপে উন্নীত হয় এবং ১৩৪টি স্টার্টআপ কেপিআই অর্জন করে, যা দেশের স্টার্টআপ ইকোসিস্টেমের ক্রমবর্ধমান শক্তির ইঙ্গিত দেয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনোয়ার উদ্দিন। প্রকল্প পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল হাই।

অনুষ্ঠানে মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘ন্যাশনাল ডেমো ডে শুধু একটি অনুষ্ঠান নয়; বরং বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে একটি শক্তিশালী, সংযুক্ত এবং বিনিয়োগযোগ্য প্ল্যাটফর্মে রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা বিশ্বাস করি, সঠিক দিকনির্দেশনা, মেন্টরশিপ এবং বিনিয়োগ সংযোগের মাধ্যমে আমাদের উদ্যোক্তারা শুধু দেশেই নয়, বৈশ্বিক পরিসরেও নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হবেন।’

ন্যাশনাল ডেমো ডের দ্বিতীয় দিনে সেক্টরভিত্তিক পিচিং সেশনে ১৫০টির বেশি স্টার্টআপ বিনিয়োগকারী, ব্যাংক, ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান এবং করপোরেট সংস্থার সামনে তাদের ব্যবসায়িক ধারণা ও বিনিয়োগ সম্ভাবনা উপস্থাপন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ। তিনি স্টার্টআপগুলোর টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে নীতিসহায়তা, প্রযুক্তি ব্যবহারের সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টির বিষয়ে গুরুত্বারোপ করেন।