আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের দুর্বল পাসওয়ার্ড স্বয়ংক্রিয়ভাবে বদলে দেবে অ্যাপল
দুর্বল বা ফাঁস হওয়ার ঝুঁকিতে থাকা পাসওয়ার্ড ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে অ্যাপল। নতুন এ পরিবর্তনের আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কাজে লাগিয়ে আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের দুর্বল বা ফাঁস হওয়ার ঝুঁকিতে থাকা পাসওয়ার্ড স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করে নতুন শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করে দেবে প্রতিষ্ঠানটি। ফলে আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের অনলাইন অ্যাকাউন্টের সুরক্ষা বর্তমানের তুলনায় অনেকটাই বাড়বে।
যুক্তরাষ্ট্রে চলা ‘ডব্লিউডব্লিউডিসি ২০২৬’ সম্মেলনে নতুন এ পরিকল্পনা তুলে ধরে অ্যাপল জানিয়েছে, আইওএস ২৭ অপারেটিং সিস্টেমে সাফারি ব্রাউজার ও ‘পাসওয়ার্ডস’ অ্যাপে সুবিধাটি যুক্ত করা হবে। বর্তমানে সাফারি ও পাসওয়ার্ডস অ্যাপ ব্যবহারকারীদের দুর্বল, একাধিক সেবায় ব্যবহৃত অথবা ফাঁস হওয়ার ঝুঁকিতে থাকা পাসওয়ার্ড শনাক্ত করে সতর্কবার্তা দেখিয়ে থাকে। ফলে ঝুঁকিপূর্ণ পাসওয়ার্ড পরিবর্তনের দায়িত্ব ব্যবহারকারীকেই নিতে হয়।
অ্যাপলের তথ্যমতে, ভবিষ্যতে শুধু সতর্কবার্তা দিয়েই থেমে থাকবে না অ্যাপল ইন্টেলিজেন্সনির্ভর সুবিধাটি। ব্যবহারকারীদের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপও নিতে পারবে। ফলে বিভিন্ন ওয়েবসাইট ও অনলাইন সেবায় দুর্বল বা ফাঁস হওয়ার ঝুঁকিতে থাকা পাসওয়ার্ডের পরিবর্তে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা যাবে।
নতুন সুবিধা চালুর আগে ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির দাবি, অ্যাপল ইন্টেলিজেন্সের আওতায় চালু হতে যাওয়া নতুন সুবিধাটিতে ব্যবহারকারীদের গোপনীয়তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
সূত্র: ব্লিপিং কম্পিউটার